বলিউড

ফিট থাকার রহস্য ফাঁস করলেন বরুণ

মুম্বাই, ২জুন – অভিনয় নিয়ে সমালোচনা থাকলেও বলিউডে ফিট তারকাদের একজন বরুণ ধাওয়ান। ফিটনেসের বিষয়ে বেশ সচেতন ৩৪ বছর বয়সী এ অভিনেতা। সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন বলিউড তারকা বরুণ। তখনই এক ভক্ত বরুণের ডায়েট নিয়ে প্রশ্ন করেন। এর পরেই সারা দিনে বরুণ কী কী খান, সেই তালিকা ইনস্টাগ্রাম স্টোরিতে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

বরুণ জানিয়েছেন, রাতের খাবার খাওয়ার পরে ১৪ থেকে ১৬ ঘণ্টার মধ্যে আর কিছু খান না তিনি। আবার সকালে ১ কাপ কফি, ডিমের সাদা অংশের অমলেট বা ওটস খেয়ে দিন শুরু করেন অভিনেতা। দুপুর এবং রাতের জন্য তালিকায় থাকে মুরগির মাংসের সঙ্গে সবজি। মাঝখানে হালকা খাবার হিসেবে মাখানা (পদ্মবীজ বা অন্য বীজ থেকে তৈরি এক প্রকার পুষ্টিকর খাবার) দিয়ে পেট ভরান বরুণ। এ সবের সঙ্গেই প্রচুর পানি পান করেন।

২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন বরুণ। ফিটনেসের বিষয়ে বেশ সচেতন তরুণ এ অভিনেতা। অভিনয়ের জগতে আসার আগে সুপারস্টার সালমান খানের কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছিলেন বরুণ।

এম ইউ/২জুন ২০২১

Back to top button
🌐 Read in Your Language