ক্রিকেট

আফ্রিদি ভক্তদের জন্য দুঃসংবাদ

ইসলামাবাদ, ২৫ মে – স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি খেলা শুরু হচ্ছে জুনের শুরুতেই। কিন্তু সপ্তাহখানেক আগে দুঃসংবাদ পেলেন শহীদ আফ্রিদি ভক্তরা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে।

মুলতান সুলতান্সের হয়ে এই পিএসএল খেলছেন আফ্রিদি। গত ৪ মার্চ করোনার থাবায় মাঝপথে স্থগিত হয় প্রতিযোগিতা। আগামী ১ জুন থেকে পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়ার খবর শোনা যাচ্ছে। যেখানে খেলা হবে না আফ্রিদির।

করাচিতে অনুশীলন করার সময় পিঠের নিচের দিকে অস্বস্তি অনুভব করেন বুমবুম খ্যাত তারকা। পরে ডাক্তার দেখানো শেষে পিএসএল থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়ায়। ৪১ বছর বয়সী অলরাউন্ডারকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়েছে।

টুইটারে আফ্রিদি লিখেছেন, পিএসএলের বাকি সময়ের জন্য অনুশীলন করতে গিয়ে আমি পিঠের নিচ দিকে ব্যথা অনুভব করলাম। ডাক্তারের সঙ্গে দেখা করতে হয়েছে। দুর্ভাগ্যবশত আমাকে বিশ্রামে থাকতে বলেছেন তিনি এবং আমার দল মুলতান সুলতান্সকে আর সঙ্গ দিতে পারছি না। আমার হৃদয় ভেঙে গেছে, কারণ আমি কঠোর অনুশীলন করছিলাম।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৫ মে


Back to top button
🌐 Read in Your Language