দক্ষিণ এশিয়া

হত্যার অভিযোগে ভারতের অলিম্পিকজয়ী কুস্তিগীর গ্রেফতার

নয়াদিল্লী, ২৩ মে– ভারতে এক জুনিয়র কুস্তিগীরকে হত্যার অভিযোগে অলিম্পিক পদকজয়ী অপর এক কুস্তিগীরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ৩৭ বছর বয়সী সুশীল কুমার দু’বার অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর। রোববার দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। নিহত সাগর ধনকড়ও জাতীয় চ্যাম্পিয়ন কুস্তীগীর। খবর বিবিসির।

গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে কুস্তীগীরদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে তা মারামারিতে রূপ নেয়। সে সময় সাগর ধনকড় নামে ২৩ বছর বয়সী কুস্তীগীরের মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, সুশীলের মারেই মৃত্যু হয় সাগরের। এরপর সুশীল সিংয়ের বিরুদ্ধে দিল্লির মডেল টাউন থানায় হত্যা, অপহরণ, হত্যায় ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়। এই ঘটনার পরেই পলাতক ছিলেন অলিম্পিকজয়ী এই কুস্তিগীর।

এদিকে, দিল্লির আদালত এই মামলায় সুশীলের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছে। ফলে তাকে হন্য হয়ে খুঁজতে থাকে পুলিশ। এমনকি, সুশীল কুমারের খোঁজ দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব।

পরে জানা যায়, গ্রেফতার এড়াতে সুশীল কুমার দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় পালিয়ে বেড়িছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, পার্কিং নিয়ে তর্কের জেরে সুশীল ও সাগরের মধ্যে ঝামেলার সূত্রপাত। তবে তদন্তে সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্বের কথাও উঠে আসে।

সুশীল কুমার ২০১২ সালের লন্ডন অলিম্পিকে সিলভার মেডেল এবং এর চার বছর আগে বেইজিং অলিম্পিকে একটি ব্রোঞ্জ জিতেছিলেন। এছাড়া কমনওয়েলথ গেমসে তিনি বৈশ্বিক খেতাব এবং স্বর্ণপদক জিতেছিলেন।

সূত্র: জাগো নিউজ
এম এন / ২৩ মে


Back to top button
🌐 Read in Your Language