সংসদ ভেঙে নভেম্বরে নির্বাচন দিলেন নেপালের প্রেসিডেন্ট

কাঠমান্ডু, ২২ মে– সংসদ ভেঙে দিয়ে নভেম্বরে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী।
আকস্মিক এই ঘোষণায় ভাণ্ডারী বলেছেন, নির্ধারিত সময়ের (শুক্রবার) মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কিংবা বিরোধীদল কেউই সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি।
এই যুক্তি দিয়ে প্রেসিডেন্সিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট প্রতিনিধি কক্ষ ভেঙে দিয়েছেন। একই সঙ্গে নভেম্বরের ১২ তারিখ প্রথম ধাপের সাধারণ নির্বাচনের দিন ধার্য করেছেন। দ্বিতীয় ধাপ ১৯ তারিখ।’
বিবৃতিতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রীসভার নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে নেপালে সমালোচনার ঝড় উঠেছে। নেপালি কংগ্রেসের মুখপাত্র বিশ্বপ্রকাশ শর্মা বলেন, ‘মানুষ মহামারীর বিরুদ্ধে লড়াই করছেন। এখন এটাই কি মানুষকে উপহার?’
অপর এক নেতা বলেছেন, ‘এটা মধ্যরাতের ডাকাতি।’
নেপালে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে আট হাজার ২০৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন।
গত ২০ ডিসেম্বরও একবার সংসদ ভেঙে দিয়েছিলেন বিদ্যা দেবী। পরে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে সংসদ পুনরায় কাজ শুরু করে।
রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় সংবিধানের ৭৬ (৭) ধারা প্রয়োগ করে সংসদ ভেঙে দেওয়া হয়েছে।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ২২ মে









