ষাঁড়ের লড়াইয়ে লাখ লাখ টাকার জুয়া!

নেত্রকোনা, ১৬ মে– নেত্রকোনার মদন উপজেলার মাখনা গ্রামের ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রোমানের বাড়ির সামনে রোববার ভোরে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকার শত শত জুয়াড়ি জড়ো হয়ে লাখ লাখ টাকার জুয়া খেলে।
নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামের লোকমানের ছেলে সাদ্দামের ষাঁড়ের সঙ্গে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দুলালের ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরগঞ্জের দুলালের ষাঁড়টি বিজয়ী হয়।
হঠাৎ করে এলাকায় ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ায় উৎসুক জনতার ব্যাপক ভিড় জমে। করোনাকালে হঠাৎ ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ায় আশপাশের এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রোমান জানান, ষাঁড়ের লড়াই না হলে এলাকায় ঝগড়ার সৃষ্টি হতো। তাই ভোরেই নায়েকপুরের ষাঁড়ের সঙ্গে ঈশ্বরগঞ্জের ষাঁড়ের লড়াই হয়েছে। তবে লাখ লাখ টাকার জুয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান।
ওসি ফেরদৌস আলম জানান, ষাঁড়ের লড়াইয়ের বিষয়টি আমার জানা নেই। জেলা ডিবির ওসির সংবাদের ভিত্তিতে এলাকায় পুলিশ পাঠিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সূত্র : যুগান্তর
এম এন / ১৬ মে









