দক্ষিণ এশিয়া

ভয়ে ব্রিটেন পালিয়েছেন সেরামের সিইও আদর পুনেওয়ালা!

নয়াদিল্লী, ০২ মে – ভ্যাকসিন চেয়ে ভারতের ক্ষমতাধর ব্যক্তিদের চাপে দেশে টিকে থাকাই অসম্ভব হয়ে উঠেছে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালার। সম্প্রতি তিনি ভারত ছেড়ে ব্রিটেনে পাড়ি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম আদর পুনাওয়ালার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। তাদের দাবি— আদর পুনাওয়ালা বলেছেন, ক্ষমতাধর ব্যক্তিদের হুমকিতে ভারত ছেড়েছেন তিনি।

বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট। করোনাভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ড উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। তবে অব্যাহত চাহিদার বিপরীতে উৎপাদন জারি রাখতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

সংবাদমাধ্যম জানিয়েছে, কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যান্য ক্ষমতাধররা প্রতিদিন ফোন করতেন আদর পুনাওয়ালার কাছে। আদর পুনাওয়ালা টাইমসকে বলেন, ‘এসব ফোন কলকে হুমকি বললে কম বলা হয়। ভ্যাকসিন পেতে মানুষের আসা ও মারমুখী আচরণ নজিরবিহীন। কেন অন্যদেরও তাদের আগে ভ্যাকসিন পাওয়া উচিত, তারা এটা বুঝতেই চাইছে না’।

সংবাদমাধ্যমকে আদর পুনাওয়ালা আরও বলেন, ‘ওরা বলছে, আমাদের যদি ভ্যাকসিন না দাও তাহলে ফল ভালো হবে না। এটা যদিও খারাপ ভাষা নয়, তবে বলার ভঙ্গী খারাপ। ওদের কথা না শুনলে তারা কী করতে পারে এটা বুঝাতে চায় তারা। তাদের দাবি না মানলে কোনো কাজই করা যাচ্ছে না’।

সংবাদমাধ্যম জানিয়েছে, পুনাওয়ালা তাদের বলেছেন, তিনি সহসাই ভারতে ফিরছেন না। ব্রিটেন আরও কিছু দিন থাকবেন ও সেখান থেকেই কাজ করবেন তিনি। পুনাওয়ালা বলেন, ‘সব দায়িত্ব আমার কাঁধে, কিন্তু তা আমি একা বহন করতে পারব না’। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে আদর পুনাওয়ালাকে ‘ওয়াই’ ক্যাটগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার।

সূত্র : সারাবাংলা
এন এইচ, ০২ মে


Back to top button
🌐 Read in Your Language