বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে কোপাল কিশোর গ্যাং

নোয়াখালী, ০১ মে– নোয়াখালীর সোনাইমুড়ীতে জাকির হোসেনে সাগর (২০) নামের এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাহরকোট গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার বিকেলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
আহত সাগর উপজেলার জয়াগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাহরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির ইউছুফ ওরফে লাল মিয়ার ছেলে।
জানা গেছে, পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাত ৯টার দিকে কিশোর বয়সী ১০-১৫ ছেলে সাগরকে বাড়ি থেকে মোবাইলে ডেকে নেয়। পরে তারা তাকে জয়াগ ইউনিয়নের বাহরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে শরীরের বিভিন্ন জায়াগায় কুপিয়ে জখম করে এবং পিটিয়ে একটি পা ভেঙে দেয়।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, সাগর এখনও অজ্ঞান অবস্থায় আছে। এজন্য হামলার সঙ্গে সরাসরি জড়িতদের নাম এখনও জানা যায়নি। এজন্য তারা এখনও এ ঘটনায় থানায় কোনো অভিযোগও দায়ের করতে পারেননি।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হামলার শিকার যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এন / ০১ মে









