নারায়নগঞ্জ

গুলির ভিডিও ফেসবুকে, কিশোর আটক

নারায়ণগঞ্জ, ২৪ মার্চ – সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্টোরিতে রিভলবার দিয়ে গুলি চালানোর একটি ভিডিও শেয়ার করেছেন নারায়ণগঞ্জ ফতুল্লার এক কিশোর। সেই ভিডিওর ক্যাপশন লিখেছেন ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্টোরিতে রিভলবার দিয়ে গুলি চালানোর ভিডিও শেয়ার করে সেই কিশোর ফারহান আহম্মেদ রাহুল ওরফে তানভীরকে (১৭) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) দিনগত রাত তিনটায় ফতুল্লার দাপা ব্যাপারীপাড়ার এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তানভীর ফতুল্লা থানার দাপা কবরস্থান রোডের মৃত কুদ্দুস হাজীর ভাড়াটিয়া ও ফতুল্লা পোস্ট অফিস বাস্টস্ট্যান্ড মাজার সংলগ্ন চায়ের দোকানদার নজরুলের ছেলে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান গণমাধ্যমকে জানান, রাতেই তাকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন : ফতুল্লায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গ্যারেজসহ ২৮টি দোকান ও বসতঘর

এর আগে সোমবার ভিডিওটি আপলোডকারী কিশোরের ফেসবুক আইডি পর্যবেক্ষণে করে দেখা যায়, আইডির নাম ফারহান আহমেদ রাহুল। ঠিকানা দেয়া হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। তার ফেসবুক আইডির বায়োতে দেখা যায়, তিনি ফতুল্লা পাইলট স্কুলের সাবেক ছাত্র ও বর্তমানে শহরের নারায়ণগঞ্জ কলেজে অধ্যয়নরত। তবে এটি তার প্রকৃত নাম-পরিচয় কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুক প্রোফাইলে তার ছবি থাকলেও স্টোরিতে শেয়ার করা ভিডিওতে শুধুমাত্র গুলি করার দৃশ্যটি দেখা যাচ্ছে। চলমান ভিডিও’র ওপর লেখা ছিল ‘ফার্স্ট টাইম মেশিন চালাইলাম’। ভিডিওটি আপলোড করা হয়েছে ২২ মার্চ ভোরে ৫টা থেকে ৬ টার মধ্যে। ভিডিও পর্যবেক্ষণ করে বোঝা যায়, যিনি গুলি ছুড়ছিল তার পাশে দাঁড়িয়ে মোবাইলে সেই দৃশ্য ভিডিও করছিলেন অন্য কেউ। তবে কারো মুখচ্ছবি ভিডিও করা হয়নি।

ফেসবুক প্রোফাইলের ছবিতে পরিহিত বেগুনি রংয়ের পাঞ্জারির সঙ্গে গুলি করার সময় ব্যবহৃত হাতের বেগুনি রংয়ের পাঞ্জারির হাতার মিল রয়েছে। ভিডিওটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিভাবকমহল বলছে, নারায়গঞ্জে কিশোর গ্যাং নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এ পর্যন্ত কিশোর গ্যাংয়ের হাতে বহু হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সংশ্লিষ্টরা কিশোর গ্যাং দমনে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি। গুলি করা অস্ত্রটি বৈধ না অবৈধ তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর ফতুল্লার পাগলায় সোহান নামে এক কিশোরের ফাঁকা গুলি করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল। পরে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language