এশিয়া

টিকাগ্রহণ নিয়ে পুতিনের ‘লুকোচুরি’

মস্কো, ২৪ মার্চ – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। তবে তিনি কোন টিকা নিয়েছেন তা জানাননি। এমনকি প্রেসিডেন্টের টিকাগ্রহণের কোনো ছবিও প্রকাশ করেনি ক্রেমলিন। বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট দফতর কিছুটা ‘লুকোচুরি’ করছে।

প্রেসিডেন্ট দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ প্রেসিডেন্ট পুতিনের বরাত দিয়ে জানিয়েছেন, রাশিয়ার তিনটি ভ্যাকসিনই নির্ভরযোগ্য এবং কার্যকর। দ্বিধায় না পড়ে দ্রুত সকলকে টিকা নেয়ার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন : উইঘুর নিপীড়ন, চীনের ওপর ‘সমন্বিত’ নিষেধাজ্ঞা পশ্চিমাদের

বিশ্বে প্রথম রাশিয়ায় মহামারি করোনাভাইরাস প্রতিষেধক টিকা বাজারে আনে। টিকা উদ্ভাবনের পর গত বছরের ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, তিনি নিজ দেশে উদ্ভাবিত টিকা ‘স্পুতনিক-৫’ নেবেন। তবে সেসময় তিনি টিকাগ্রহণের তারিখ বা সময় জানাননি।

এক প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন এর আগে ঘোড়ার পিঠে চড়ে ভ্রমণ, পাহাড়ে অবকাশ যাপন, সাইবেরিয়ায় আইস স্কেটিংয়ের ‘ফিল্মি’ ছবি ব্যাপকভাবে প্রকাশ করেছেন। অথচ প্রেসিডেন্টের টিকা নেয়ার কোনো ছবি ক্রেমলিন প্রকাশ করেনি। দেশটিতে টিকা নিতে অনাগ্রহী মানুষের সংখ্যাই এখনও পর্যন্ত বেশি। এমন সময়ে টিকাগ্রহণের ছবি ও তথ্য প্রকাশের মাধ্যমে রাশিয়ানদের সাহস যোগাতে পারতেন পুতিন।

দিমিত্রি পেস্কভ প্রেসিডেন্টের টিকা নেয়ার ছবি প্রকাশ করে রাশিয়ানদের উদ্বুদ্ধ করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, যারা টিকা নিতে আগ্রহ দেখাচ্ছেন না কিংবা সন্দেহ-সংশয়ের মধ্যে আছেন, তারা প্রেসিডেন্টকে বাহুতে টিকা নিতে দেখলেই আগ্রহী হয়ে উঠবেন এটা সঠিক নয়।

‘প্রেসিডেন্ট মনে করেন, “মানুষ আমাদের বিশ্বাস করেন এবং আমাদের কথায় তাদের আগ্রহী করে তুলবে। টিকাগ্রহণকারীর সংখ্যা নিশ্চয় বাড়বে বলে আশা করি” বলেন মুখপাত্র পেস্কভ।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language