চরভদ্রাসনে এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলা

ফরিদপুর, ১৫ অক্টোবর- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।
ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় এ মামলা করেন বলে চরভদ্রাসন থানার ওসি নাজনীন খানম জানান।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ ওঠার পর গত কয়েক দিন ধরেই আলোচনা চলছে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে নিয়ে।
স্থানীয় আওয়ামী লীগ যেমন তার বিচার দাবি করেছে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও এই সাংসদকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এই প্রেক্ষাপটে বুধবার ঢাকার নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ফরিদপুরের ওই সাংসদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত জানান।
নিক্সন চৌধুরী আচরণ বিধির বাইরে আর কোনো নির্বাচনী অপরাধ করেছেন কিনা, তা তদন্ত করে দেখতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করার কথাও বলেন সিইসি।
আরও পড়ুন: ঢাকা-ওয়াশিংটন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায়
শনিবার ওই নির্বাচনে ৬ হাজার ৫২৮ ভোট পেয়ে নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম ওবায়দুল বারী পান ৫ হাজার ৩৪৬ ভোট।
ভোটের পর সেদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরী বলেন, “প্রশাসনের মধ্যে লুকাইয়া থাকা ওই জেলা প্রশাসক এ নির্বাচনে ১২ জন ম্যাজিস্ট্রেট দিয়ে নৌকার কর্মীদের অ্যারেস্ট করছে, পিটাইছে ওই জেলা প্রশাসক।”
এদিকে ভোটের দিন সকালেও সাংসদ নিক্সন চরভদ্রাসনের ইউএনওকে ফোন করে হুমকি-ধমকি দেন এবং অপর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। তার ওই টেলিফোন আলাপের অডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা।
এরপর মঙ্গলবার বিকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন মুজিবর রহমান চৌধুরী নিক্সন। তিনি দাবি করেন, হুমকি দেওয়ার যে অডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে, তা ‘সুপার এডিটেড’।
সূত্র : বিডিনিউজ
এন এইচ, ১৫ অক্টোবর









