ঢাকা

মানুষ মশারি ছাড়াই ঘুমিয়েছেন: মেয়র তাপস

ঢাকা, ১৩ মার্চ – ঢাকার মানুষ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মশারি ছাড়া ঘুমিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমন মন্তব্য করে বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব পাওয়ার পরই করোনা মহামারির মাঝে ডেঙ্গু মোকাবিলা করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু মশককে নিধন করতে সক্ষম হয়েছি।

শনিবার (১৩ মার্চ) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র তাপস।

ডিএসসিসি মেয়র বলেন, গত সপ্তাহ থেকে মশার প্রাদুর্ভাব কমেছে। আগামী এক সপ্তাহের মধ্যে মশার প্রার্দুভাব নির্মূল হবে। বিভিন্ন খাল, নর্দমা ও জলাশয় পুনঃখনন ও পরিষ্কার করা হচ্ছে। এসব কাজ শেষ হলে ঢাকায় জলাবদ্ধতা দূর হবে।

আরও পড়ুন : ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে কাঁঠালবাগান বস্তির আগুন

তিনি বলেন, আমরা একটি আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটির আধুনিকায়নের জন্য আমাদের আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেন। নির্বাচনের পূর্বে আমরা ইশতেহার ঘোষণা করেছিলাম। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুসারে আমরা কর্মপরিকল্পনা তৈরি করে সেই লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।

শেখ ফজলে নূর তাপস আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১২ বছরের মধ্যে একটি নিম্নআয়ের দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এখন আমরা সারা বিশ্বের মধ্যে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করতে যাচ্ছি। তিনি যে গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন আমরা সেই গতিতে ঢাকা সিটিকে উন্নত ঢাকা হিসেবে পরিণত করব।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ডা. শারিফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামানসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language