অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করবেন প্রিয়াঙ্কা-নিক

মুম্বাই, ১৩ মার্চ – ২০২১ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরের চূড়ান্ত মনোনয়নে মনোনয়ন ঘোষণা করবেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
আগামী ১৫ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় অস্কারের ওয়েবসাইট এবং অ্যাকাডেমির ডিজিটাল প্ল্যাটফরমে (টুইটার, ইউটিউব, ফেসবুক) লাইভ দেখানো হবে অস্কারের মনোনয়ন ঘোষণার বর্ণিল আয়োজন। লস অ্যাঞ্জেলেসসহ হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়। দুই পর্বে ২৩টি শাখার মনোনীতদের নাম জানাবেন প্রিয়াঙ্কা ও নিক।
আরও পড়ুন : আলিয়ার করোনা নেগেটিভ
এ নিয়ে টুইটারে একটি সেলফি ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানের শুরুতে পার্শ্ব-অভিনেতা, পার্শ্ব-অভিনেত্রী, পোশাক পরিকল্পনা, মৌলিক আবহসংগীত, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শব্দ, অ্যাডাপ্টেড চিত্রনাট্য ও মৌলিক চিত্রনাট্য শাখার মনোনীতদের নাম ঘোষণা করা হবে। দ্বিতীয় ভাগে জানানো হবে সেরা চলচ্চিত্র, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, অ্যানিমেটেড ছবি, চিত্রগ্রাহক, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সম্পাদনা, আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ছবি, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক গান, শিল্পী নির্দেশনা এবং ভিজুয়াল ইফেক্টস শাখার মনোনয়ন তালিকা।
এন এইচ, ১৩ মার্চ









