জাতীয়

বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ

চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ

ঢাকা,১৯ নভেম্বর -আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে।

দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে এসে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন, সন্ত্রাসবাদ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না। আগুন-সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।

তারা আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language