দুই দিন পর ৩০ ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম, কার্ড ও পিওএস সেবা চালু

ঢাকা, ০৭ অক্টোবর-দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম, কার্ড, পিওএসসহ সব ধরনের সেবা চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এ তথ্য জানিয়েছে।
এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস, কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত হয়।
সেবা দ্রুত চালু করতে বাংলাদেশ ব্যাংক কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে। এরপর মঙ্গলবার রাতেই কিউ-ক্যাশ জানায়, তাদের আওতাধীন সব সেবা স্বাভাবিক হয়েছে।
ব্যাংক এশিয়াও এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। ফলে গ্রাহকরা স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন।
এস এম/ ০৭ অক্টোবর ২০২৬







