আবাসন সংকটের মধ্যে স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা সানচেজের

মাদ্রিদ, ০৫ অক্টোবর- তীব্র আবাসন সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার মধ্যে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার মাদ্রিদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন প্যালেস অব মনক্লোয়া থেকে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি নির্বাচনের ঘোষণা দেন। খবর সিএনএনের।
আগামী ২৯ নভেম্বর আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ভাষণে সানচেজ বলেন, স্পেনের জনগণ নিজেদের ও দেশের ভবিষ্যৎ কোন পথে দেখতে চান, তা নির্ধারণের সময় এখনই।
আবাসন সংকট মোকাবিলা এবং ক্রমবর্ধমান জনরোষ কমাতে স্পেন সরকার দুটি জরুরি অধ্যাদেশ জারি করেছিল। তবে পার্লামেন্টে সেগুলো পাস করানোর জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারেনি সরকার। আইন দুটি পাসে ব্যর্থ হওয়ার ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যেই আগাম নির্বাচনের ঘোষণা দিলেন সানচেজ।
এদিকে, দেশব্যাপী আবাসন সংকটের প্রতিবাদে কয়েক দিন ধরে রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা দেল সোলে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। শুধু রাজধানী নয়, স্পেনের অন্যান্য প্রধান শহরেও এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এস এম/ ০৫ অক্টোবর ২০২৬







