সম্পাদকের পাতা

শিক্ষার্থীদের কণ্ঠ থেকে অভিভাবকদের প্রতিনিধি হতে চান আহনাফ হাসান

নজরুল মিন্টো

আগামী ২৬ অক্টোবর টরন্টোর মিউনিসিপ্যাল নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে স্কুল বোর্ড ট্রাস্টি নির্বাচন। এবার TDSB-এর ওয়ার্ড বিন্যাসেও এসেছে বড় পরিবর্তন। Scarborough Southwest ও Beaches-East York-কে একত্র করে গঠন করা হয়েছে নতুন Ward 10। টরন্টোর পূর্ব প্রান্তের এই দুই এলাকা ভৌগোলিক বৈচিত্র্যের পাশাপাশি নানা দেশ থেকে আসা মানুষের বসতিও। দক্ষিণ এশীয়দের বড় উপস্থিতির সঙ্গে এখানে রয়েছে উল্লেখযোগ্য বাংলাদেশি কমিউনিটিও। নতুন এই ওয়ার্ডে নয়জন প্রার্থীর একজন বাংলাদেশি বংশোদ্ভূত আহনাফ হাসান।

এর আগে Scarborough Southwest ও Beaches-East York আলাদা ট্রাস্টি ওয়ার্ড ছিল। Scarborough Southwest থেকে গত এক দশকে Parthi Kandavel ও Malika Ghous নির্বাচিত হয়েছেন, আর Beaches-East York-এর প্রতিনিধিত্ব করেছেন Michelle Aarts। এবার দুই এলাকার ভোটাররা প্রথমবার একটি অভিন্ন ওয়ার্ড থেকে একজন ট্রাস্টি বেছে নেবেন। সেই প্রতিদ্বন্দ্বিতায় আহনাফের প্রার্থিতা বাংলাদেশি কমিউনিটির জন্যও আলাদা আগ্রহ তৈরি করেছে।

আহনাফের প্রার্থী হওয়ার গল্পটি একটু আলাদা। স্কুল ব্যবস্থাকে তিনি বাইরে থেকে দেখেননি, এর ভেতর দিয়েই তাঁর পথচলা। R. H. King Academy-তে পড়ার সময় স্কুল কাউন্সিলের নেতৃত্বে ছিলেন। এরপর সুযোগ আসে আরও বড় পরিসরে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে TDSB-এর সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভোটে তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্টুডেন্ট ট্রাস্টি নির্বাচিত হন। ৩৫ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত দুই শিক্ষার্থী প্রতিনিধির একজন ছিলেন আহনাফ। তাঁর দায়িত্ব ছিল TDSB-এর প্রায় ২ লাখ ৩৯ হাজার শিক্ষার্থীর কথা বোর্ডের কাছে তুলে ধরা।

এখন তিনি ইউনিভার্সিটি অব টরন্টোয় অর্থনীতি ও পাবলিক পলিসি নিয়ে পড়ছেন। স্কুলের বেঞ্চ থেকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালেও শিক্ষাব্যবস্থা নিয়ে তাঁর আগ্রহ বদলায়নি। শিক্ষা নীতি ও অর্থ বরাদ্দ একজন শিক্ষার্থীর জীবনে কী প্রভাব ফেলে, এসব বিষয় নিয়েই তাঁর আগ্রহ।

আহনাফের সঙ্গে আলাপে বোঝা যায়, স্কুলের সমস্যাগুলো তিনি শিক্ষার্থী হিসেবে দেখেছেন, আবার বোর্ডের আলোচনাতেও অংশ নিয়েছেন। স্টুডেন্ট ট্রাস্টি হিসেবে তিনি বোর্ড ও বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়েছেন। শিক্ষার্থীদের কথা বোর্ডের কাছে পৌঁছে দেওয়া এবং স্টুডেন্ট সিনেটের সঙ্গে কাজ করাও ছিল তাঁর দায়িত্বের অংশ।

স্কুল ট্রাস্টির কাজ কী, এ নিয়ে অনেকেরই ধারণা নেই। ট্রাস্টি কোনো স্কুলের প্রধান শিক্ষক নন। শিক্ষক নিয়োগ কিংবা কোনো শিক্ষার্থীকে বিশেষ কর্মসূচিতে ভর্তি করার সিদ্ধান্তও তিনি একা নেন না। স্বাভাবিক সময়ে নির্বাচিত ট্রাস্টিরা সম্মিলিতভাবে স্কুল বোর্ডের নীতি ও অগ্রাধিকার ঠিক করেন, বাজেট অনুমোদন করেন, অর্থ কোথায় ব্যয় হবে তা নিয়ে সিদ্ধান্ত নেন এবং শিক্ষার্থীদের শিক্ষা, নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে প্রশাসনের কাছে জবাব চান। এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের সমস্যা বোর্ডে তুলে ধরাও তাঁদের দায়িত্ব। সিদ্ধান্ত হয় পুরো বোর্ডের মাধ্যমে, কোনো একজন ট্রাস্টির ইচ্ছায় নয়।

ট্রাস্টিরা বোর্ডের বেতনভুক্ত কর্মচারী নন। তবে দায়িত্ব পালনের জন্য তাঁরা বার্ষিক সম্মানী পান। নতুন প্রাদেশিক নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ১৫ নভেম্বর থেকে সাধারণ ট্রাস্টির বার্ষিক সম্মানী সর্বোচ্চ ৯ হাজার ডলার।

প্রচারে আহনাফ তিনটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন। প্রয়োজন অনুযায়ী স্কুল ও কমিউনিটিতে অর্থ বরাদ্দ, বিশেষ শিক্ষা খাতে আরও সহায়তা এবং পুরোনো স্কুল ভবনের উন্নয়ন। তাঁর বক্তব্য, একটি শিশুর ঠিকানা কিংবা পরিবারের আর্থিক অবস্থার কারণে তার শিক্ষার সুযোগে পার্থক্য হওয়া উচিত নয়।

ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা নিয়েও আহনাফ কথা বলছেন। তাঁর ভাষ্য, Model School-এর শিক্ষক ও প্রিন্সিপালদের সঙ্গে কাজ করে ছোট ক্লাসের পক্ষে তিনি একটি প্রতিবেদন তৈরি করেছিলেন এবং সেটি একাধিক সুপারিনটেনডেন্টের কাছে তুলে ধরেছিলেন। তাঁর মতে, ক্লাসে শিক্ষার্থী বেশি হলে শিক্ষকের ওপর চাপ বাড়ে এবং প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে সময় দেওয়ার সুযোগ কমে যায়।

আহনাফ এমন সময়ে নির্বাচনে নেমেছেন, যখন TDSB চলছে প্রাদেশিক সরকারের তত্ত্বাবধানে। ২০২৫ সালের ২৭ জুন অন্টারিও সরকার বোর্ডটিকে তত্ত্বাবধানে নেওয়ার পর নির্বাচিত ট্রাস্টিদের ক্ষমতা সরকারের নিয়োগ দেওয়া সুপারভাইজারের হাতে চলে যায়। তত্ত্বাবধান বহাল থাকা পর্যন্ত নির্বাচিত ট্রাস্টিরা তাঁদের স্বাভাবিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।

এই তত্ত্বাবধানের সময়ে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। চতুর্থ থেকে অষ্টম শ্রেণিতে সর্বোচ্চ ৩২ শিক্ষার্থীর যে সীমা ছিল, তা তুলে দেওয়া হয়েছে। Model Schools-এর সহায়তায়ও পরিবর্তন এসেছে। এসব সিদ্ধান্তের পক্ষে TDSB বলছে, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী অর্থ ও সহায়তা নতুনভাবে বণ্টন করা হচ্ছে। অন্যদিকে অনেক অভিভাবকের আশঙ্কা, এতে প্রয়োজন বেশি এমন স্কুলগুলোই ক্ষতিগ্রস্ত হতে পারে।

একজন ট্রাস্টির বড় দায়িত্ব এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলগুলোর কথা বোর্ডে তুলে ধরা। Scarborough Southwest ও Beaches-East York নিয়ে গঠিত Ward 10-এর সঙ্গে আহনাফের নিজেরও দীর্ঘ সম্পর্ক রয়েছে। তাঁর ভাষ্য, গত ১৩ বছর ধরে এই দুই এলাকাতেই তাঁর বসবাস ও বেড়ে ওঠা।

শিক্ষার্থীদের ভোটে স্টুডেন্ট ট্রাস্টি নির্বাচিত হয়ে আহনাফ একবার তাঁদের আস্থা অর্জন করেছেন। সেই দায়িত্বে তিনি শিক্ষার্থীদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা বোর্ডে তুলে ধরেছেন। এবার তাঁর লক্ষ্য আরও বড় পরিসরে কাজ করা। তাই তিনি সেই শিক্ষার্থীদের বাবা-মা, অভিভাবক এবং পুরো কমিউনিটির সামনে দাঁড়িয়েছেন। আহনাফের কথায়, যেসব শিক্ষার্থীর আস্থা নিয়ে তিনি বোর্ডে কাজ করেছেন, এবার তাঁদের পরিবারের সমর্থন নিয়েই তিনি পূর্ণাঙ্গ ট্রাস্টির দায়িত্ব নিতে চান।

২৬ অক্টোবর জানা যাবে Ward 10-এর ভোটাররা কাকে তাঁদের প্রতিনিধি হিসেবে বেছে নেন। তবে আহনাফ হাসানের এই প্রার্থিতা ইতিমধ্যে একটি বিষয় সামনে এনেছে। স্কুলের সমস্যা নিয়ে কথা বলতে সব সময় দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রয়োজন হয় না। কখনো কখনো সেই কথাগুলো সবচেয়ে ভালো জানে সেই মানুষটি, যে কিছুদিন আগেও ওই স্কুলের শ্রেণিকক্ষেই বসেছিল।

এনএন/ ০৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language