ট্রাম্প-শি’র নৈশভোজে একই টেবিলে শীর্ষ প্রযুক্তি নির্বাহীরা

ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর- আন্তর্জাতিক রাজনীতির অন্যতম শীর্ষ দুই পরাশক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক নৈশভোজে মুখোমুখি বসেছেন। রাষ্ট্রপ্রধান ও তাঁদের স্ত্রীদের পাশাপাশি এই নৈশভোজে সবচেয়ে বড় চমক ছিল সিলিকন ভ্যালির প্রযুক্তি বিশ্বের শীর্ষ নির্বাহীদের উপস্থিতি।
রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের এই সময়ে একই টেবিলে বিশ্বের প্রভাবশালী দুই নেতার সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও তাঁর স্ত্রী লরি হুয়াং, অ্যাপলের সিইও টিম কুক, টেসলার প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক এবং এএমডির সিইও লিসা সু ও তাঁর স্বামী ড্যানিয়েল লিন।
মে মাসে ট্রাম্প যখন বেইজিং সফর করেছিলেন, তখন সেই নৈশভোজের টেবিলে মূলত চীনের সরকারি ও কূটনৈতিক কর্মকর্তারাই ছিলেন। তবে এবারের নৈশভোজে মার্কিন প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি কূটনৈতিক ও বাণিজ্যিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
হোয়াইট হাউসে উপস্থিত অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শেষদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব লক্ষ্যগুলো একে অপরকে শক্তিশালী করতে পারে। এ জন্য দুই পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।
বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে শি জিনপিং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকাকে আবার মহান করার’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) অঙ্গীকার করেছেন। একই সঙ্গে চীনারাও জাতীয় পরাশক্তি হিসেবে নিজেদের পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনের আধুনিকীকরণও প্রতিনিয়ত নতুন ক্ষেত্র উন্মোচন করছে বলে তিনি উল্লেখ করেন।
বৃহৎ ও প্রভাবশালী দেশ হিসেবে কীভাবে একসঙ্গে এগিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে দুই দেশকে একটি ‘নতুন পন্থা’ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট।
এস এম/ ২৫ সেপ্টেম্বর ২০২৬







