হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে পার্ক করা বাসে আগুন

ঢাকা, ২০ সেপ্টেম্বর- রাজধানীর হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুর সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়ক ও শিল্পকলার সামনে এ দুটি বিস্ফোরণ ঘটে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় একই সময়ে শিল্পকলার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’
এদিকে, রোববার সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর পল্লবী থানার সিরামিক রোডে ভারী বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টির মধ্যেই পার্ক করে রাখা একটি বাসে আগুন জ্বলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।
তিনি বলেন, সকাল সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬







