জাতীয়

ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততার দাবি ডিএমপির

ডিএমপি

ঢাকা, ২০ সেপ্টেম্বর- দুইদিন ধরে রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। হঠাৎ এমন ভীতিজনক কর্মকাণ্ডের জন্য কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগকে দায়ী করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতেই রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মোল্লা মো. শাহীন জানান, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ এ বিষয়ে নিশ্চিত হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া রায়হানের বাসা থেকে অবিস্ফোরিত আরও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত দুইদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে। জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। ঢাকাজুড়ে দুইশর বেশি স্থানে চেকপোস্ট বসানো হয়। একই সঙ্গে পুলিশের টহলও বাড়ানো হয়।

এরপরও শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটতে থাকে। এদিন সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুরসহ অন্তত পাঁচটি এলাকায় যাত্রীবাহী বাস ও গণপরিবহনে আগুন লাগানোর খবর পাওয়া যায়। এ ছাড়া একাধিক এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language