মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন মহাপরিকল্পনা: নেপথ্যে ইরানের প্রভাব কমানোর লক্ষ্য

ওয়াশিংটন, ৭ সেপ্টেম্বর – ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য ঘিরে তিনটি বড় পরিকল্পনা নিয়ে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ওই অঞ্চলে ওয়াশিংটনের কৌশলগত অবস্থানে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মূলত ইরানের প্রভাব মোকাবিলায় একটি নতুন আঞ্চলিক জোট গঠন এবং ইসরায়েলের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক সুদৃঢ় করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এবং মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয় যে এই পরিকল্পনাগুলো এখনো চূড়ান্ত পর্যায়ে নেই। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাথে অন্তত দুই দফা বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মতে এই কৌশলটি ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
আলোচনায় উঠে আসা সম্ভাব্য কৌশলটির তিনটি প্রধান দিক রয়েছে। প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রকে জামিনদার হিসেবে রেখে ইরানকে প্রতিহত করতে মিত্র দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী আঞ্চলিক জোট গড়ে তোলা হবে। দ্বিতীয়ত গাজা পরিকল্পনার পরবর্তী পর্যায় সুরক্ষিত করা এবং ইসরায়েলের সাথে সিরিয়া ও লেবাননের নিরাপত্তা চুক্তি বাস্তবায়ন করা হবে।
তৃতীয়ত ২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির পরিধি বৃদ্ধি এবং সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত। সূত্র অনুযায়ী ট্রাম্প প্রশাসন আশা করছে যে ইসরায়েলের নির্বাচনের পর গঠিত নতুন সরকার এই কৌশল বাস্তবায়নে সহযোগিতা করবে।
তবে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে বদ্ধপরিকর। বর্তমানে কৌশলটির খসড়া তৈরির কাজ চলছে এবং এটি চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।
এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬







