জাতীয়

পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়ার শপথ আজ

চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া

ঢাকা, ৬ সেপ্টেম্বর – বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ শপথ গ্রহণ করবেন। রবিবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে পিএসসির সভাপতি পদে নিয়োগ প্রদান করেছেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত এই পদে বহাল থাকবেন। সম্প্রতি পিএসসির চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করার পর পদটি শূন্য হয়েছিল। এরপরই সরকার এই গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ সম্পন্ন করেছে।

এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬

Back to top button