সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের টাকা ফেরত পাবেন ৭ সেপ্টেম্বর থেকে

ঢাকা, ৩১ আগস্ট – সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকদের আমানতের মূল অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে গ্রাহকেরা তাদের হিসাবে জমা থাকা সম্পূর্ণ মূল অর্থ এককালীন উত্তোলন করার সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে জমানো অর্থের বিপরীতে কোনো মুনাফা প্রদান করা হবে না।
এই সুবিধা গ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার থেকেই ব্যাংকটির বিভিন্ন শাখায় আবেদন জমা নেওয়া শুরু হবে। ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে সম্প্রতি একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান এবং শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও যথাযথ নির্দেশনাবলি অনুসরণের কথা বলা হয়েছে।
ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক এবং অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য নিশ্চিত করা হয়। বাংলাদেশ ব্যাংকের পূর্বঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি পর্যায়ের হিসাবগুলোতে স্বাভাবিক লেনদেন পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে শাখা ও উপশাখাগুলোতে নগদ অর্থের চাহিদা পাঠানো, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থের জোগান নিশ্চিত করা এবং ঝুঁকিমুক্ত ক্যাশ ব্যবস্থাপনাসহ সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করতে আরও কয়েক দিন সময়ের প্রয়োজন হচ্ছে। এ কারণেই আগামী ৭ সেপ্টেম্বর থেকে পুরোদমে আমানতের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও জানানো হয় যে আল ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী এবং বিভিন্ন মেয়াদি হিসাব যেমন এমটিডিআর ও ডিপিএস থেকে গ্রাহকরা তাদের জমানো মূল টাকা তুলে নিতে পারবেন। তবে যারা হিসাব বন্ধ না করে লেনদেন চালু রাখবেন, তারা পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী নিয়মিত হারে মুনাফা লাভ করবেন।
পরবর্তী সময়ে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম স্বাভাবিক হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ পুনরায় চালু হবে। উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সময় এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়। বর্তমানে এই ব্যাংকগুলোতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর এক লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।
এস এম/ ৩১ আগস্ট ২০২৬









