জাতীয়

মানব পাচার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম আরডিএমএস চালু

ঢাকা, ৩০ আগস্ট – মানব পাচার এবং অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করতে রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম বা আরডিএমএস চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডিজিটাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় যে, এই কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও সহজ হবে। আগে চিঠিপত্র ও কাগজের মাধ্যমে পরিচালিত প্রত্যাবাসন প্রক্রিয়ায় যে দীর্ঘসূত্রতা ছিল, আরডিএমএস তা দূর করবে।

এই সিস্টেমটি ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের সাথে যুক্ত করা হয়েছে এবং জন্ম নিবন্ধন ও পাসপোর্টের সাথেও সমন্বয়ের কাজ চলছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তঃসংস্থার এই সমন্বিত উদ্যোগ মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ অভিবাসন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।

জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তা এবং অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় এই সিস্টেমটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে রিয়েল টাইমে প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিরাপদ তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, আরডিএমএস চালুর ফলে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়বে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া আরও নিরাপদ ও মর্যাদাপূর্ণ হবে।

এস এম/ ৩০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language