বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া

ঢাকা, ৩০ আগস্ট – বাংলাদেশে বৈদ্যুতিক যান, সৌরবিদ্যুৎ এবং হালাল খাদ্যসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া। রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া বিশেষ করে বৈদ্যুতিক যান বা ইভি, সোলার প্যানেল, নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী।
বিনিয়োগের এই প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়েও গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে।
আগামী সেপ্টেম্বর থেকে পরবর্তী ছয় মাসে মালয়েশিয়া প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে পরিকল্পনা করছে। এর মধ্যে প্রায় ১০ হাজার শ্রমিক কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। শ্রমবাজার সংক্রান্ত এই বিষয়টি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তদারকি করছে।
এস এম/ ৩০ আগস্ট ২০২৬









