সম্পাদকের পাতা

কানাডায় এ বছর PR পেতে পারেন ৪ লাখ ৪৬ হাজার

নজরুল মিন্টো

কানাডায় চলতি বছর স্থায়ী বাসিন্দার (Permanent Resident বা PR) মর্যাদা পেতে পারেন অন্তত ৪ লাখ ৪৬ হাজার মানুষ। বছরের প্রথম ছয় মাসেই PR পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১০০ জন। তাদের মধ্যে নিয়মিত অভিবাসন কর্মসূচির আওতায় এসেছেন ১ লাখ ৫৫ হাজার ৮০০ জন। আর কানাডায় আগে থেকেই বসবাসরত নির্দিষ্ট দক্ষ কর্মী ও সুরক্ষিত ব্যক্তিদের জন্য নেওয়া দুটি এককালীন বিশেষ উদ্যোগে PR পেয়েছেন আরও ২৬ হাজার ৩০০ জন। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ IRCC-এর সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

সরকারের ২০২৬–২০২৮ Immigration Levels Plan অনুযায়ী চলতি বছর নিয়মিত কর্মসূচিতে ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্য রয়েছে। এর বাইরে কানাডায় আগে থেকেই থাকা নির্দিষ্ট দক্ষ কর্মী ও সুরক্ষিত ব্যক্তিদের জন্য দুটি এককালীন বিশেষ উদ্যোগে আরও অন্তত ৬৬ হাজার মানুষকে PR দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন অন্তত ২০ হাজার দক্ষ কর্মী এবং ৪৬ হাজার সুরক্ষিত ব্যক্তি ও তাদের কানাডায় থাকা নির্ভরশীল পরিবারের সদস্য। সব মিলিয়ে এ বছর অন্তত ৪ লাখ ৪৬ হাজার মানুষ স্থায়ী বাসিন্দার মর্যাদা পেতে পারেন। তবে এর মধ্যে ৩ লাখ ৮০ হাজারই সরকারের আনুষ্ঠানিক বার্ষিক PR লক্ষ্যমাত্রা। অতিরিক্ত ৬৬ হাজার Immigration Levels Plan-এর বাইরে।

বছরের প্রথম ছয় মাসে নিয়মিত অভিবাসন কর্মসূচির আওতায় PR পাওয়া ১ লাখ ৫৫ হাজার ৮০০ জনের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন Economic Class-এ। জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ শ্রেণিতে স্থায়ী বাসিন্দা হয়েছেন ৮৯ হাজার ২০০ জন। চলতি বছর Economic Class-এ সরকারের লক্ষ্য ২ লাখ ৩৯ হাজার ৮০০ জন। অর্থাৎ ছয় মাসে লক্ষ্যের প্রায় ৩৭ শতাংশ পূরণ হয়েছে।

একই সময়ে Family Class-এর আওতায় স্থায়ী বাসিন্দা হয়েছেন ৪৫ হাজার ১০০ জন। এ শ্রেণিতে ২০২৬ সালের লক্ষ্য ৮৪ হাজার। ফলে বছরের প্রথম ছয় মাসেই পারিবারিক পুনর্মিলন কর্মসূচির লক্ষ্যের অর্ধেকের বেশি পূরণ হয়েছে। এই কর্মসূচিতে কানাডীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দারা যোগ্যতার ভিত্তিতে স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মাসহ পরিবারের সদস্যদের স্পন্সর করতে পারেন।

Refugees and Protected Persons শ্রেণিতে প্রথম ছয় মাসে PR পেয়েছেন ১৭ হাজার ৯০০ জন। চলতি বছর এই শ্রেণিতে ৪৯ হাজার ৩০০ জনকে স্থায়ী বাসিন্দা করার লক্ষ্য রয়েছে। Humanitarian and Compassionate এবং অন্যান্য শ্রেণিতে একই সময়ে PR পেয়েছেন আরও ৩ হাজার ৬০০ জন। এ খাতে বার্ষিক লক্ষ্য ৬ হাজার ৯০০। IRCC বলছে, প্রধান অভিবাসন শ্রেণিগুলো এখন পর্যন্ত চলতি বছরের লক্ষ্য পূরণের পথেই রয়েছে।

এবারের অভিবাসন পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে সরকারের দুটি এককালীন উদ্যোগ। এর একটি In-Canada Workers Initiative। এই উদ্যোগে কানাডায় আগে থেকেই বসবাস ও কাজ করছেন এমন ৩৩ হাজার নির্বাচিত কর্মীর PR প্রক্রিয়া ২০২৬ ও ২০২৭ সালে দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ছোট কমিউনিটিতে অন্তত দুই বছর ধরে বসবাস করছেন এবং নির্দিষ্ট অভিবাসন কর্মসূচির মাধ্যমে PR-এর আবেদন করেছেন, এমন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এই উদ্যোগে শুধু ২০২৬ সালেই অন্তত ২০ হাজার কর্মীকে PR দেওয়ার পরিকল্পনা রয়েছে। জুন পর্যন্ত তাদের মধ্যে ১১ হাজার ৩০০ জন PR পেয়েছেন। অর্থাৎ চলতি বছরের পরিকল্পিত সংখ্যার প্রায় ৫৭ শতাংশ ইতোমধ্যেই পূরণ হয়েছে। প্রাদেশিক মনোনয়ন, আটলান্টিক অভিবাসন, গ্রামীণ ও ফরাসিভাষী কমিউনিটি অভিবাসন, হোম কেয়ার কর্মী এবং কৃষি ও খাদ্য খাতের নির্দিষ্ট কর্মসূচিতে যারা PR-এর আবেদন করেছেন, তাদের একটি অংশ এই বিশেষ সুবিধা পাচ্ছেন।

দ্বিতীয় এককালীন উদ্যোগটি কানাডায় Protected Person হিসেবে স্বীকৃত ব্যক্তি এবং তাদের সঙ্গে কানাডায় থাকা নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য। দুই বছরে সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার যোগ্য ব্যক্তির PR আবেদন দ্রুত নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালে ৪৬ হাজার জনকে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়ার কথা রয়েছে। জুন পর্যন্ত PR পেয়েছেন ১৫ হাজার জন, যা চলতি বছরের পরিকল্পিত সংখ্যার প্রায় ৩৩ শতাংশ। তবে যারা কুইবেকে বসবাস করতে চান, তারা এই বিশেষ উদ্যোগের আওতায় পড়বেন না।

এদিকে কুইবেকের বাইরে ফরাসিভাষী অভিবাসীর সংখ্যা বাড়ানোর উদ্যোগও চালিয়ে যাচ্ছে কানাডা। ২০২৬ সালে কুইবেকের বাইরে নতুন স্থায়ী বাসিন্দাদের ৯ শতাংশ ফরাসিভাষী বা ফরাসি-ইংরেজি দ্বিভাষিক রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম ছয় মাসে এই শ্রেণিতে PR পেয়েছেন ১২ হাজার ৪০০ জন। ২০২৭ সালে এই হার ৯.৫ শতাংশ এবং ২০২৮ সালে ১০.৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। দীর্ঘমেয়াদে ২০২৯ সালের মধ্যে কুইবেকের বাইরে Francophone PR-এর হার ১২ শতাংশে নিতে চায় সরকার।

নতুন অভিবাসন পরিকল্পনায় কানাডায় আগে থেকেই থাকা অস্থায়ী বাসিন্দাদের একটি অংশকে স্থায়ী করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। IRCC বলছে, সাম্প্রতিক বছরগুলোতে নতুন PR পাওয়া মানুষের প্রায় অর্ধেকই আগে থেকে কানাডায় অস্থায়ী বাসিন্দা হিসেবে ছিলেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছিলেন। সরকারের মতে, আগে থেকেই কানাডায় থাকা মানুষদের PR দিলে অবকাঠামো ও সামাজিক পরিষেবার ওপর নতুন করে চাপ তুলনামূলক কম পড়ে।

প্রথম ছয় মাসের হিসাবে নিয়মিত Immigration Levels Plan-এর ৩ লাখ ৮০ হাজার লক্ষ্যের বিপরীতে PR পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮০০ জন, যা প্রায় ৪১ শতাংশ। ফলে বছরের বাকি সময়ে পরিকল্পিত সংখ্যা পূরণ করতে PR দেওয়ার গতি প্রথম ছয় মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়তে হবে। তবে IRCC বলছে, বছরের সব মাসে একই হারে মানুষ স্থায়ী বাসিন্দার মর্যাদা পান না। আবেদন অনুমোদন এবং আনুষ্ঠানিকভাবে PR হিসেবে কানাডায় প্রবেশের সময়ের তারতম্যের কারণে মাসে মাসে এই সংখ্যায় ওঠানামা হতে পারে।

অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমানো, কানাডায় আগে থেকেই থাকা দক্ষ কর্মীদের স্থায়ীভাবে ধরে রাখা, পরিবারের পুনর্মিলন, মানবিক দায়িত্ব পালন এবং কুইবেকের বাইরে ফরাসিভাষী অভিবাসীর সংখ্যা বাড়ানো, এসব লক্ষ্য সামনে রেখেই সাজানো হয়েছে কানাডার ২০২৬ সালের অভিবাসন পরিকল্পনা। নিয়মিত কর্মসূচিতে ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্যের পাশাপাশি দুটি বিশেষ উদ্যোগে আরও অন্তত ৬৬ হাজার মানুষকে PR দেওয়ার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে এ বছর কানাডায় নতুন স্থায়ী বাসিন্দার সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ছাড়িয়ে যেতে পারে।

তথ্যসূত্র: Immigration, Refugees and Citizenship Canada (IRCC)


Back to top button
🌐 Read in Your Language