২৮ আগস্ট বিরল আংশিক চন্দ্রগ্রহণ: দেখা যাবে রক্তিম চাঁদ

আগামী ২৮ আগস্ট মহাকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। ওই দিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করায় বিশ্ববাসী একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হবে। সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা এই দৃশ্য সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।
আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ২৮ আগস্ট শুক্রবার ভোরের মধ্যবর্তী সময়ে এই গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই সময় পৃথিবীর ঘন ছায়া চাঁদের উপরিভাগের প্রায় ৯৬ শতাংশ ঢেকে ফেলবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আগামী ২৮ আগস্ট গ্রিনিচ মান সময় ভোর ৪টা ১২ মিনিটে আংশিক চন্দ্রগ্রহণের চূড়ান্ত পর্যায়টি পরিলক্ষিত হবে। উত্তর ও দক্ষিণ আমেরিকার মানুষ পূর্ণাঙ্গ প্রক্রিয়াটি দেখতে পেলেও ইউরোপ ও আফ্রিকার মানুষ নির্দিষ্ট সময়ে এর আংশিক রূপ দেখার সুযোগ পাবেন।
চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো বিচ্ছুরিত হওয়ায় চাঁদের অন্ধকার অংশটি গাঢ় লাল বা তামাটে বর্ণ ধারণ করবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই রক্তিম চাঁদকে ব্লাড মুন বলা হয়। পুরো প্রক্রিয়াটি প্রায় পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চললেও চাঁদের রক্তিম আভার স্থায়িত্ব হবে কিছুটা কম।
গত ১২ আগস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের আকাশে পূর্ণ সূর্যগ্রহণের দুই সপ্তাহ পরই একই সরলরেখায় পৃথিবী আসার ফলে এই চন্দ্রগ্রহণটি ঘটছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই চন্দ্রগ্রহণ উপভোগ করতে চোখের বাড়তি সুরক্ষার প্রয়োজন নেই। খালি চোখেই এটি দেখা যাবে। তবে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠের দৃশ্যগুলো আরও স্পষ্টভাবে ফুটে উঠবে।
এনএন/ ২৬ আগস্ট ২০২৬







