ছয় মাসে ২ কোটি ২২ লাখ চারা রোপণ করল সরকার, জলবায়ু মোকাবিলায় বড় পদক্ষেপ

ঢাকা, ২৬ আগস্ট – জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ক্ষমতা গ্রহণের প্রথম ছয় মাসের মধ্যেই সারাদেশে প্রায় ২ কোটি ২২ লাখ ৬৮ হাজার গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে। পাঁচ বছরে মোট ২৫ কোটি চারা রোপণের যে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, এই কার্যক্রম তারই অংশ। সরকার বর্তমানে বছরে ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে এই বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৪৩ দশমিক ২৫ শতাংশ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বন বিভাগসহ সরকারের মোট ১১টি সংস্থা এই সবুজায়ন উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করছে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, কর্মসূচি বাস্তবায়নে বন অধিদপ্তর এককভাবে ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৪২টি চারা রোপণ করে তালিকার শীর্ষে রয়েছে।
স্থানীয় সরকার বিভাগ রোপণ করেছে ৭১ লাখ ৬৪ হাজার ১৩৫টি চারা। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গৃহায়ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাকি চারাগুলো লাগানো হয়েছে। প্রতিটি অঞ্চলের মাটির গুণাগুণ ও পরিবেশ বিবেচনা করে চারা নির্বাচন করা হচ্ছে। পার্বত্য অঞ্চলে গর্জন, চাপালিশ, সেগুন ও বাঁশ; উপকূলীয় এলাকায় কেওড়া, বাইন ও ঝাউ এবং জলাভূমি অঞ্চলে হিজল, কদম ও করচ জাতীয় গাছ রোপণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ জানান, সরকারি সংস্থার পাশাপাশি এনজিওগুলোর মাধ্যমেও আরও ৪০ লাখ চারা রোপণ করা সম্ভব হয়েছে।
এ ছাড়া উপকূলীয় সুরক্ষায় ২ কোটি ম্যানগ্রোভ চারা রোপণের একটি বড় প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের প্রত্যাশা, নির্ধারিত সময়ের আগেই বার্ষিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে।
এনএন/ ২৬ আগস্ট ২০২৬







