ইউরোপ

মস্কোয় রহস্যময় মার্কিন সামরিক বিমান অবতরণ, ক্রেমলিনের অস্বীকার

মস্কো, ২৬ আগস্ট – মস্কোর ভনুকোভো বিমানবন্দরে একটি মার্কিন সামরিক পরিবহন বিমানের অবতরণকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বোয়িং সি ১৭ গ্লোবমাস্টার মডেলের এই বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি রাশিয়ার মস্কোয় পৌঁছায়।

ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও এই অবতরণের ঘটনাটি সবাইকে অবাক করেছে। উড্ডয়ন সংক্রান্ত তথ্যে দেখা যায় যে, মার্কিন বিমানটি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ থেকে যাত্রা শুরু করেছিল।

সেখান থেকে প্রথমে লাটভিয়ার রিগায় পৌঁছায় এবং পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে মস্কোর আকাশে প্রবেশ করে ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে। জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ সাধারণত মার্কিন প্রেসিডেন্ট এবং শীর্ষ সরকারি কর্মকর্তাদের চলাচলের জন্য ব্যবহৃত হয়। ফলে এই বিমানের আকস্মিক উপস্থিতি নিয়ে নানা রহস্য তৈরি হয়েছে।

বিমানের এই রহস্যময় উপস্থিতি সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন যে, তাদের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এমনকি চলতি সপ্তাহে মার্কিন কোনো প্রতিনিধিদলের সাথে ক্রেমলিনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেন।

তবে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস দাবি করেছে যে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক জন র‍্যাটক্লিফ একটি গোপন বৈঠকে অংশ নিতে মস্কো সফর করছেন। ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও গোয়েন্দা সংস্থার প্রধানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ইউক্রেনীয় এক কর্মকর্তা জানিয়েছেন যে, এই সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অবহিত করেছিল। প্রতিনিধিদলটি রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে সম্ভাব্য হামলা স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে বলেও জানা গেছে।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬

Back to top button