উত্তর আমেরিকা

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২৩ আগস্ট – পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্তকারী কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই প্রণালির একটি মানচিত্র শেয়ার করে তিনি এই বিতর্কিত দাবি করেন।

এর আগে গত ১৫ আগস্ট নিউইয়র্ক অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন যে ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত হয়। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। এই প্রণালির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন অভিযান শুরুর পর তেহরান হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রও ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন উভয় দেশ ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষর করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং হরমুজ থেকে অবরোধ তুলে নেওয়া হয়। তবে ১৩ জুলাই ইরান ওই সমঝোতা চুক্তি থেকে সরে আসে এবং পুনরায় প্রণালিতে অবরোধ জারি করে।

গত ১২ আগস্ট মেরিল্যান্ডে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটি পরিদর্শনের সময় ডোনাল্ড ট্রাম্প জানান যে বর্তমানে পুরো প্রণালি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা জলপথটিকে মাইনমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language