জাতীয়

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ, ১৬ আগস্ট – নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে স্নাতক বা অনার্স পর্যন্ত পড়াশোনা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, এ ক্ষেত্রে শিক্ষার যাবতীয় ব্যয়ভার সরকারই বহন করবে। একই সঙ্গে যেসব নারী শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল করবেন, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও রাখা হবে।

রোববার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন।

দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে তিনি বলেন, নারী সমাজকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে যাতে ভবিষ্যতে তারা দেশের হাল ধরতে পারে। ভালো ফলাফল অর্জনকারীদের জন্য সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

শিক্ষার প্রসারে সরকারের অন্যান্য উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের অভাবী পরিবারের শিশুদের বছরে একবার বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে। পাশাপাশি প্রায় ১ কোটি ২০ লাখ শিশুর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। নতুন বইয়ের সাথে সাথে এই উপকরণগুলোও ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এছাড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে পরিবার প্রধান নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি যোগ্য পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলায় এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এনএন/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language