শিক্ষা

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন, শেষ সময় সোমবার

ঢাকা, ১৬ আগস্ট – চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। গত ১১ আগস্ট ফল প্রকাশের পরদিন থেকেই এই আবেদন শুরু হয়েছে, যা আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা দিয়েছে। গত পাঁচ দিনে তিন লাখেরও বেশি শিক্ষার্থী তাদের পরীক্ষার খাতা পুনরায় যাচাইয়ের জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত বিপুল পরিমাণ আবেদন জমা পড়েছে এবং আগামী সোমবার পর্যন্ত শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন।

১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের ব্যবস্থা না থাকলেও বর্তমান সরকারের সংশোধিত আইনের ফলে শিক্ষার্থীরা এখন পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুর্নমূল্যায়নের সুবিধাও ভোগ করছে। আগ্রহী আবেদনকারীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd/) গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদানের মাধ্যমে আবেদন করতে পারছেন।

এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বিকাশ, নগদ বা সোনালী সেবার মতো মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাচ্ছে।

তবে ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং একবার ফি জমা দেওয়ার পর তা কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পুনর্নিরীক্ষণের ফলাফল পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এস এম/ ১৬ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language