সাহিত্য

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস আজ

কলকাতা, ৬ আগস্ট – বর্ষার মেঘ ও বৃষ্টির সুরের মাঝে যে ঋতুকে তিনি তার সাহিত্য ও গানে অমর করে রেখেছিলেন, সেই বর্ষারই এক দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ ৬ আগস্ট, ২২ শ্রাবণ। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মনীষী রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী।

১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আট দশক পরেও তার সাহিত্য, দর্শন এবং মানবিক চেতনা বাঙালি সমাজ ও বিশ্বসংস্কৃতিকে আলোকিত করে চলেছে।

মাত্র আট বছর বয়সে লেখালেখি শুরু করে দীর্ঘ সাহিত্যজীবনে তিনি কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক ও প্রবন্ধের এক বিশাল ভাণ্ডার রেখে গেছেন। তার সৃষ্টি করা দুই হাজারেরও বেশি গান বাঙালির আবেগ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।

১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশিয়ার প্রথম সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। এর মাধ্যমে বাংলা সাহিত্য বিশ্বদরবারে এক অনন্য মর্যাদা লাভ করে।

সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষাচিন্তা ও সমাজসংস্কারেও তিনি ছিলেন পথিকৃৎ। তার হাতে গড়া শান্তিনিকেতন আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে সমাদৃত।

মানবতা ও ন্যায়ের প্রশ্নে আপসহীন এই কবি ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি বর্জন করেন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার গান ছিল প্রেরণার উৎস এবং তার রচিত গানই বর্তমান বাংলাদেশের জাতীয় সংগীত।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীর ছায়ানট মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় গীতিনাট্য শ্যামা মঞ্চস্থ হবে।

বাঙালির আত্মপরিচয় ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল প্রাসঙ্গিক হয়ে থাকবেন।

এনএন/ ৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language