হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সাথে ইরানের সমঝোতা

তেহরান, ৬ আগস্ট – হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের একটি নতুন পথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, এ সংক্রান্ত চুক্তিটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, নতুন এই ব্যবস্থা হরমুজ প্রণালিতে সম্পূর্ণ নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা দেবে না। তার দাবি, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধসহ বিভিন্ন কারণে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়েই পরিবহন করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সতর্ক করে বলেছেন যে, দ্রুত হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানকে কঠোর পদক্ষেপের মুখে পড়তে হবে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, প্রস্তাবিত নতুন নৌপথটি সাময়িক হতে পারে এবং দুই থেকে চার মাস পর্যন্ত এটি চালু থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে হরমুজ সংকটের প্রভাবে বৃহস্পতিবার এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২৪ ডলারে নেমেছে। ইরান জানিয়েছে যে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না।
অন্যদিকে হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ফি আদায়ের বিষয়টিও আলোচনার অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইরান জাহাজের পণ্য মূল্যের ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ফি আদায়ের পরিকল্পনা করলেও ওমান ৩ শতাংশ ফি নিয়ে আলোচনা করছে।
এছাড়া ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে সর্বোচ্চ নেতার উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা মুজতাবা খামেনিকে বর্তমানে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন যে মুজতাবা খামেনির সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এনএন/ ৬ আগস্ট ২০২৬









