জাতীয়

পোশাক রপ্তানিতে বিশ্বে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় বাংলাদেশ

ঢাকা, ৪ আগস্ট – বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে।

এ সময়ে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে প্রবৃদ্ধির দিক থেকে ভিয়েতনাম বেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেলেও ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চীনের বাজারের অংশীদারিত্ব এতই বিশাল যে অন্য দেশগুলো সেই অনুপাতে অগ্রসর হতে পারছে না। তিনি উল্লেখ করেন, প্রথম ও দ্বিতীয় অবস্থানের মধ্যে রপ্তানির পরিমাণের ব্যবধান অনেক বেশি।

অর্থনীতিবিদ মাহফুজ কবিরের মতে, ভিয়েতনাম খুব দ্রুত এগিয়ে আসছে এবং ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও বড় প্রতিযোগী হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থান ধরে রাখতে অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে চীন। বাংলাদেশের পর তৃতীয় স্থানে ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম অবস্থানে রয়েছে তুরস্ক।

এস এম/ ৪ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language