জাতীয়

বাংলাদেশে আসছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের কমান্ডার স্টিফেন কোহলার

ঢাকা, ৩ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার বাংলাদেশে আসছেন।

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তিনি ২২ সদস্যের একটি উচ্চপর্যায়ের নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় শীর্ষ পর্যায়ের এই সামরিক কর্মকর্তার আগমনকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতির ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের যোগাযোগ ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব এবং দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যকে স্পষ্ট করে তোলে। সফরকালে অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে। এসব আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক সীমানার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।

অ্যাডমিরাল স্টিফেন কোহলার তার বর্ণাঢ্য কর্মজীবনে ইউএসএস কার্ল ভিনসনের এক্সিকিউটিভ অফিসার এবং বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মধ্যপ্রাচ্যে অপারেশন ডেজার্ট স্টর্ম ও ইরাকি ফ্রিডমসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নেন। হাইতিতে বিধ্বংসী ভূমিকম্পের পর জরুরি ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পূর্ব ও দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক নৌ অপারেশনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

মার্কিন থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের একাধিক শীর্ষ পদে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।

এনএন/ ৩ আগস্ট ২০২৬


Back to top button