জাতীয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের বড় লোকসান, কমেছে সম্পদের পরিমাণ

ঢাকা, ৩০ জুলাই – পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।

ব্যাংকটির প্রকাশিত সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল থেকে জুন সময়কালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২৪ পয়সা। লোকসানের পাশাপাশি ব্যাংকটির সম্পদের পরিমাণেও উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ বৃহস্পতিবার ব্যাংকটির দেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে। তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৮ টাকা ১৮ পয়সা। ২০২৫ সালের একই সময়ে যেখানে ব্যাংকটি শেয়ারপ্রতি ৪২ পয়সা মুনাফা অর্জন করেছিল।

চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৯ টাকা ৬৬ পয়সা। এছাড়া ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৪ টাকা ৩৯ পয়সা।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আমানতের বিপরীতে মুনাফা পরিশোধের ব্যয় বৃদ্ধি এবং খেলাপি বিনিয়োগ বেড়ে যাওয়ার কারণে বিনিয়োগ থেকে আয় কমেছে। এছাড়া অন্যান্য ব্যাংকে রাখা প্লেসমেন্ট থেকে আয় হ্রাস পাওয়াও এই বড় লোকসানের অন্যতম কারণ। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সম্পদের মানোন্নয়ন এবং বিনিয়োগ পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমানত সংগ্রহ বৃদ্ধি এবং পর্যাপ্ত তারল্য বজায় রাখার মাধ্যমে ভবিষ্যতে ব্যাংকটির আয় ও শেয়ারপ্রতি মুনাফা আবারও ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এনএন/ ৩০ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language