ক্রিকেট

২০২৭ বিশ্বকাপে ১৭ জনের স্কোয়াড চান অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

ক্যানবেরা, ২৯ জুলাই – ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াডের সদস্য সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার মতে, টুর্নামেন্টের পরিবর্তিত কাঠামো ও বাড়তি ম্যাচসংখ্যার কারণে ১৫ সদস্যের দল বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট নয়।

খেলোয়াড়দের চোট ঝুঁকি এবং ব্যস্ত সূচির চাপ সামলাতে অন্তত ১৭ সদস্যের স্কোয়াড অনুমোদন দেওয়ার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপে নতুন ফরম্যাটে খেলা হবে।

ম্যাচসংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ম্যাকডোনাল্ড জানান, দীর্ঘস্থায়ী টুর্নামেন্টে ছোট স্কোয়াড নিয়ে পরিকল্পনা করা দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে মূল সারির ক্রিকেটাররা চোটে পড়লে বিকল্প ক্রিকেটার নির্বাচনের সুযোগ সীমিত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার একটি বেতার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ২০২৩ বিশ্বকাপের উদাহরণ টেনে আনেন। সেখানে ট্রাভিস হেড এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন চোট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন। অনেক দলকে কার্যত ১২ থেকে ১৩ জন ফিট খেলোয়াড় নিয়ে পুরো আসরে লড়াই করতে হয়েছিল।

ম্যাকডোনাল্ডের মতে, ১৭ জনের দল থাকলে খেলোয়াড়দের শারীরিক চাপ কমানোর পাশাপাশি সেরা একাদশ গঠন করা সহজ হবে। এছাড়া ওয়ানডে বিশ্বকাপে সহযোগী দেশগুলোর অংশগ্রহণের সুযোগ কমে যাওয়ার বিষয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি।

তিনি মনে করেন, ক্রিকেটের প্রসারে সব দেশের সমান অংশগ্রহণ জরুরি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, আইসিসি আপাতত ১৫ সদস্যের স্কোয়াড রাখার পক্ষেই রয়েছে। তবে খেলোয়াড়দের বিশ্রামের জন্য প্রতিটি ম্যাচের মাঝে অন্তত দুই দিনের বিরতি রাখার কথা ভাবছে সংস্থাটি।

এস এম/ ২৯ জুলাই ২০২৬


Back to top button