দক্ষিণ আমেরিকা

লুলাকে চোর বলে মিলেইয়ের কটাক্ষ, ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন

ব্রাসিলিয়া, ২৯ জুলাই – ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ইঙ্গিত করে বিতর্কিত মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। লুলার নাম সরাসরি উচ্চারণ না করলেও তাকে চোর ও দণ্ডপ্রাপ্ত অপরাধী বলে অভিহিত করেছেন তিনি। এই মন্তব্যকে ব্রাজিল সরকার, জনগণ ও দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছে ব্রাসিলিয়া।

ঘটনার প্রতিক্রিয়ায় আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।

শনিবার ব্রাজিলের সাঁও পাওলোতে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মিলেই এই মন্তব্য করেন।

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। বক্তৃতায় মিলেই ২০২২ সালের আগের দুর্নীতির মামলায় লুলার কারাবাসের বিষয়টিও উল্লেখ করেন। পাশাপাশি তিনি ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েসেরও সমালোচনা করেন। এই বিচারপতি বর্তমানে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া তদারকি করছেন। সম্প্রতি গৃহবন্দী বলসোনারোর সাথে মিলেইয়ের সাক্ষাতের আবেদনে তিনি অনুমতি দেননি।

এদিকে রোববার এক অনুষ্ঠানে লুলা সরাসরি মিলেইয়ের নাম উল্লেখ না করে বলেন যে, অন্য কোনো দেশের নেতা ব্রাজিলে এসে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এএফপির প্রতিবেদনে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাজিলীয় কূটনীতিক জানিয়েছেন, মিলেইয়ের বক্তব্য সরাসরি ব্রাজিলের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক কাঠামোর প্রতি আঘাত।

বিশ্লেষকরা ধারণা করছেন, দক্ষিণ আমেরিকার প্রধান দুই বাণিজ্য অংশীদার দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন এই ঘটনার ফলে আরও ঘনীভূত হতে পারে।

এনএন/ ২৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language