মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান, ২৯ জুলাই – মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এই অতর্কিত হামলাটি পরিচালনা করেছে।

সেন্টকমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে মার্কিন সেনারা সব সময় প্রস্তুত ও সতর্ক অবস্থানে ছিল এবং ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই ধ্বংস করা হয়েছে।

মার্কিন বাহিনীর ওপর হামলার এই খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৮২ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনার গুঞ্জনে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও সাম্প্রতিক এই হামলায় চিত্র পাল্টে গেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে দেশটিতে পুনরায় কঠোর হামলা চালানো হবে। মিশিগান সফরে যাওয়ার পথে তিনি জানান ইরানের সাথে গঠনমূলক আলোচনা চলছে। যদিও ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনার খবর অস্বীকার করা হয়েছে।

তেহরান জানিয়েছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু বার্তা বিনিময় হলেও সরাসরি বৈঠকের কোনো সুযোগ নেই।

উল্লেখ্য যে ২০২৬ সালের শুরু থেকে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কয়েক দফা যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালিতে তেল ট্যাংকারে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুনরায় যুদ্ধ শুরু হয়।

গত কয়েক দিন ধরে মার্কিন বিমান হামলা সাময়িকভাবে স্থগিত থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে বন্ধু রাষ্ট্রগুলোর অনুরোধেই এই বিরতি দেওয়া হয়েছে। তবে পশ্চিমা গণমাধ্যমের দাবি সামরিক সরঞ্জামের ঘাটতির কারণেই যুক্তরাষ্ট্র বর্তমানে আক্রমণ থেকে বিরত রয়েছে।

এনএন/ ২৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language