জাতীয়

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ঢাকা, ২৮ জুলাই – জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

জুলাই-আগস্টের অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের সব ইউনিটের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করবেন।

এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেবেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই কর্মসূচির অনুমোদন দিয়েছেন।

দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ সংগ্রামের বিজয়কে স্মরণীয় করে রাখতেই মাঠ পর্যায়ে এই ব্যাপক কর্মসূচি পালিত হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দিকনির্দেশনায় জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা সম্মিলিতভাবে এই কর্মসূচি সফল করতে কাজ করবেন।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language