নারায়নগঞ্জ

মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া খেয়ে পুলিশের হাতে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক!

নারায়ণগঞ্জ, ২৭ জুলাই – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান হাইওয়ে সড়কে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। পালানোর চেষ্টার একপর্যায়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ১২ কর্মীকে আটক করতে সক্ষম হয়।

সোনারগাঁ থানার আওতাধীন তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের কর্মীদের আটক করে থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে আটককৃতদের পুলিশ ফাঁড়ি থেকে থানায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএন/ ২৭ জুলাই ২০২৬


Back to top button