এশিয়া

দক্ষিণ চীনে শক্তিশালী টাইফুন নউলের আঘাত, ৩ লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ে

বেইজিং, ২৬ জুলাই – দক্ষিণ চীনে শক্তিশালী টাইফুন নউল আঘাত হেনেছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের উপকূলে এটি আছড়ে পড়ে। টাইফুনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ের তীব্রতা কয়েক গুণ বেড়ে যাওয়ায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ঝুঁকি মোকাবিলায় গুয়াংডং প্রদেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যে ৩ লাখ ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং শতাধিক বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের প্রভাবে শনিবার ও রবিবার মিলিয়ে অন্তত ১৫০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। ঝোড়ো হাওয়ায় হংকংয়ের একটি বহুতল ভবনের মাচা ধসে পড়ার ঘটনা ঘটলেও এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, টাইফুন নউলের প্রভাবে দ্বীপটির দক্ষিণ ও পূর্ব অংশে ভারি বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে টাইফুনটি তাইওয়ানের দক্ষিণ জলসীমা অতিক্রম করে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তবে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

এস এম/ ২৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language