জাতীয়

ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপ উদ্বোধন: হাতের মুঠোয় নাগরিক সেবা

ঢাকা, ২১ জুলাই – নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ‘হ্যালো ডিসি’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে ভূমি সেবা, লাইসেন্স, এনজিও কার্যক্রম ও জনঅভিযোগসহ বিভিন্ন সরকারি সেবার আবেদন এবং এর অগ্রগতি ঘরে বসেই পর্যবেক্ষণ করতে পারবেন।

মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক ফরিদা খানমের বিশেষ উদ্যোগে এই অ্যাপটি তৈরি করা হয়েছে, যেখানে জেলা প্রশাসনের যাবতীয় সেবাকে একটি সাধারণ প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে।

প্রাথমিকভাবে আগ্রহী নাগরিকরা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরের রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হলে সেখানেও এটি সহজলভ্য হবে।

ঢাকা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজেও ডাউনলোডের লিংক দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকরা অফিস চলাকালীন নির্দিষ্ট হটলাইন নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই অ্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা, ত্রাণ কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নামজারি বা মিউটেশন এবং অর্পিত সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে। ব্যবহারকারীরা তাদের আবেদনের বর্তমান অবস্থা অ্যাপ থেকেই সরাসরি ট্র্যাক করতে পারবেন। এতে সরকারি কাজের স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই অ্যাপ ব্যবহারের ফলে সাধারণ মানুষের সময় ও খরচ সাশ্রয় হবে এবং কাজের ক্ষেত্রে হয়রানি অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। তিনি এই উদ্যোগকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে জনভোগান্তি কমানো এবং সেবার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই অ্যাপে আরও নতুন নাগরিক সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের।

এনএন/ ২১ জুলাই ২০২৬


Back to top button