আর্জেন্টিনার নতুন পরিকল্পনা: সামনে প্রীতি ম্যাচ ও কোপা আমেরিকা

বুয়েনস আইরেস, ২১ জুলাই – বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও নতুন উদ্যমে পথচলা শুরু করছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল স্কালোনির দল এখন ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে।
বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে নতুন আন্তর্জাতিক চক্র। এই চক্রে প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব এবং কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা। ফিফার প্রকাশিত ২০২৬ থেকে ২০৩০ সালের আন্তর্জাতিক সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রথম আন্তর্জাতিক বিরতি অনুষ্ঠিত হবে।
এই সময়ে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে। তবে ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। এরপর ৯ থেকে ১৭ নভেম্বর বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে প্রতিযোগিতামূলক ম্যাচ না থাকায় স্কালোনির লক্ষ্য থাকবে তরুণদের সুযোগ দিয়ে নতুন দল গঠন করা।
২০৩০ বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। এই তিন দেশ সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেলেও তাদের দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে অংশ নিতে হবে। ২০২৭ সালের মার্চ থেকে এই বাছাইপর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় লক্ষ্য এখন ২০২৮ সালের কোপা আমেরিকা। এই টুর্নামেন্টটি লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনার প্রথম বড় আসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিতব্য ফিনালিসিমা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে কাতারে নির্ধারিত ম্যাচটি স্থগিত হওয়ার পর নতুন কোনো দিনক্ষণ এখনও ঠিক হয়নি। নতুন এই চক্রে অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখদের সুযোগ করে দিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত শক্তিশালী পরিকল্পনা সাজানোই হবে কোচ স্কালোনির প্রধান চ্যালেঞ্জ।
এস এম/ ২১ জুলাই ২০২৬







