জাতীয়

মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির এক বছর পূর্ণ: উত্তরার দিয়াবাড়িতে শোকাতুর পরিবেশ

ঢাকা, ২১ জুলাই – উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনার আজ এক বছর পূর্ণ হলো। গত বছরের এই দিনে একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনের ওপর আছড়ে পড়লে পাইলট, শিক্ষক এবং শিক্ষার্থীসহ মোট ৩৬ জন প্রাণ হারান। দিনটি উপলক্ষে আজ গভীর শোক ও শ্রদ্ধার সাথে সেই মর্মান্তিক ট্র্যাজেডিকে স্মরণ করছে প্রতিষ্ঠানটি এবং নিহতের পরিবারগুলো।

ভয়াবহ এই ঘটনার পর পুরো দেশে শোকের আবহ তৈরি হয়েছিল। দগ্ধ ও আহতদের দ্রুত চিকিৎসা প্রদান করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ লড়াইয়ের পর অনেকেই ফিরেছেন, তবে তাদের শরীরে রয়ে গেছে ক্ষত আর মনে বয়ে বেড়াচ্ছেন সেই দিনের বিভীষিকা। বিশেষ করে সপ্তম শ্রেণির ছাত্র নাভিদ নাওয়াজ দীপ্ত ৯৭ দিন হাসপাতালে থেকে এবং ৩৬টি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ফিরে আসা ছিল একটি বড় আশার খবর।

ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিশন দুর্ঘটনার জন্য উড্ডয়নজনিত ত্রুটিকে দায়ী করেছে। কমিশনের প্রতিবেদনে ভবিষ্যতে জননিরাপত্তার স্বার্থে ঢাকার বাইরে প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট স্কুল ভবনটি রাজউকের বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভবনে পর্যাপ্ত সিঁড়ি না থাকায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে তদন্ত কমিটি পর্যবেক্ষণ প্রদান করেছে।

ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুই দিনের কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সব শাখায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

দিয়াবাড়ি ক্যাম্পাসে সকাল ১০টা ও বিকেল ৩টায় দুই পর্বে স্মরণসভা, নীরবতা পালন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছেন।

এনএন/ ২১ জুলাই ২০২৬


Back to top button