প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যমুনায় নৈশভোজে যোগ দিচ্ছেন যুগপৎ শরিক দলের নেতারা

ঢাকা, ২০ জুলাই – যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান যে ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেয়া শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এই অনুষ্ঠানে শরিক দলগুলোর দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কার্ড পৌঁছে দেয়া হয়েছে বলে প্রেস সচিব নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এটিই শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এস এম/ ২০ জুলাই ২০২৬









