দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১

ঢাকা, ১৯ জুলাই – সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, মৃতদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের বাসিন্দা।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯৩ জন উপসর্গ নিয়ে এবং ৯৫ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে গত এক দিনে নতুন করে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৩৮ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত কয়েকমাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, এ পর্যন্ত ১ লাখ ১৩৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন যার মধ্যে ৯৬ হাজার ৫২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এনএন/ ১৯ জুলাই ২০২৬









