আইন-আদালত

সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত হাইকোর্টের

ঢাকা, ১৯ জুলাই – সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সিটি গ্রুপের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার নথি থেকে জানা যায়, সময় মিডিয়া লিমিটেডের বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এই অভিযোগে গত ৭ জুলাই সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। হাইকোর্টের এই নতুন আদেশের ফলে সেই পরোয়ানাসহ মামলার সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

মামলার অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক বিপণন প্রধান মো. আহসানুল ইসলাম এবং সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক আয়েশা সিদ্দিকা।

এর আগে শুনানির সময় আসামিপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত তখন তা গ্রহণ না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

এস এম/ ১৯ জুলাই ২০২৬

Back to top button