নরওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড: শতাধিক ঘরবাড়ি ভস্মীভূত

অসলো, ১৮ জুলাই – দক্ষিণ নরওয়ের ড্রামেন শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকশ মানুষকে দ্রুত ওই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়,
গত শুক্রবার বিকেলে শহরের একটি সারিবদ্ধ বাড়ি বা টাউনহাউস থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পার্শ্ববর্তী এলাকা এবং বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। শনিবার সকালেও আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর তৎপরতা অব্যাহত ছিল।
ষাটেরও বেশি দমকলকর্মী এবং হেলিকপ্টারের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পুলিশ দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া যায়নি।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনআরকে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত কয়েকশ মানুষ বর্তমানে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। ড্রামেন শহরটি রাজধানী অসলো থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
এস এম/ ১৮ জুলাই ২০২৬









