সম্পাদকের পাতা

জালালাবাদ এসোসিয়েশন: ইতিহাস, ঐক্য ও বিশ্বজুড়ে সিলেটি পরিচয়

নজরুল মিন্টো

ইতিহাসে কিছু সংগঠনের জন্ম হয় সময়ের অনিবার্য দাবি থেকে। কোনো জনপদের মানুষ যখন ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, রাজনৈতিক বাস্তবতায় ছড়িয়ে যায় নানা কেন্দ্রে, অথচ মনোজগতে ধরে রাখে অভিন্ন স্মৃতি, ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের বন্ধন, তখন তাদের ঐক্যের জন্য প্রয়োজন হয় একটি আশ্রয়স্থল। বৃহত্তর সিলেটের মানুষের ইতিহাসে জালালাবাদ এসোসিয়েশন তেমনই এক প্রতিষ্ঠান। এটি শুধু একটি আঞ্চলিক সংগঠন নয়, এটি সিলেটি মানুষের আত্মপরিচয়, সামাজিক সংযোগ, সাংস্কৃতিক ধারাবাহিকতা, শিক্ষাবিস্তারের অঙ্গীকার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একটি জনগোষ্ঠীর আবেগের কেন্দ্র।

সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীবিধৌত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ, এই চার জেলার সমন্বয়ে গড়ে ওঠা বৃহত্তর সিলেট শুধু ভৌগোলিক পরিচয়ের নাম নয়। এটি এক সমৃদ্ধ ঐতিহ্যের ধারক। সুফি-সাধকদের স্মৃতিধন্য এই জনপদে বহু শতাব্দী ধরে ধর্মীয় সহিষ্ণুতা, সংস্কৃতির মেলবন্ধন, শিক্ষার প্রতি অনুরাগ এবং প্রবাসমুখী অভিযাত্রার এক স্বতন্ত্র ইতিহাস গড়ে উঠেছে। সিলেটের মানুষ নদী, পাহাড়, হাওর, চা-বাগান ও প্রবাসের অভিজ্ঞতা নিয়ে যেমন আলাদা এক জীবনবোধ নির্মাণ করেছে, তেমনি রাজনৈতিক অধিকার, শিক্ষা ও সামাজিক মর্যাদার প্রশ্নেও বারবার সংগঠিত হয়েছে।

বৃহত্তর সিলেটের সংগঠিত হওয়ার ইতিহাস এক দিনে শুরু হয়নি। ১৮৭৪ সালে ব্রিটিশ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও বাংলাভাষী সিলেট অঞ্চলকে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিচ্ছিন্ন করে নবগঠিত চিফ কমিশনারের শাসনাধীন আসাম প্রদেশের সঙ্গে যুক্ত করে। বাংলার সঙ্গে ঐতিহাসিক, ভাষিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত সিলেটের শিক্ষা, প্রশাসনিক সুযোগ, সংস্কৃতি ও নাগরিক অধিকারের ওপর গভীর প্রভাব ফেলে। এর ফলে স্থানীয় মানুষের মধ্যে যে ক্ষোভ, বঞ্চনাবোধ ও অধিকারচেতনার জন্ম হয়, তার ধারাবাহিকতায় প্রথমে গড়ে ওঠে সিলেট এসোসিয়েশন। পরবর্তীতে কলকাতাকেন্দ্রিক উচ্চশিক্ষা, পেশাগত বিকাশ ও রাজনৈতিক সচেতনতার যুগে জন্ম নেয় শ্রীহট্ট সমিতি। আর ১৯৪৭ সালের দেশভাগ ও সিলেট গণভোটের পর নতুন বাস্তবতায় ঢাকায় প্রতিষ্ঠিত হয় জালালাবাদ এসোসিয়েশন। এই তিনটি ধাপ মিলিয়েই বৃহত্তর সিলেটের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের এক পূর্ণাঙ্গ ইতিহাস নির্মিত হয়েছে।

এই প্রেক্ষাপটে ১৮৭৭ থেকে ১৮৮০ সালের মধ্যে সিলেট শহরে গড়ে ওঠে সিলেট এসোসিয়েশন। এটি ছিল বৃহত্তর সিলেট অঞ্চলের প্রথম আধুনিক নাগরিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম। তৎকালীন সময়ে সুনির্দিষ্ট কার্যালয় না থাকলেও সিলেট শহরের আইনজীবী, বুদ্ধিজীবী ও সমাজসেবীদের মিলনস্থল সিলেট ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশন এবং প্রখ্যাত নেতাদের চেম্বারই ছিল এই সংগঠনের কার্যক্রমের মূল কেন্দ্র। সিলেটের নাগরিক স্বার্থ রক্ষা, শিক্ষা বিস্তার, রাস্তাঘাট নির্মাণ, কর্মসংস্থানে সিলেটিদের অধিকার আদায় এবং সিলেটকে পুনরায় বাংলার সঙ্গে যুক্ত করার দাবিতে সংগঠনটি স্মারকলিপি প্রদান ও আইনি লড়াই চালিয়ে যায়।

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বিপিন চন্দ্র পাল, প্রখ্যাত আইনজীবী কামিনী কুমার চন্দ, সমাজসংস্কারক রায় বাহাদুর দুলাল চন্দ্র দেব এবং মুরারিচাঁদ কলেজের প্রতিষ্ঠাতা জমিদার রাজা গিরিশচন্দ্র রায় এই আন্দোলনধারার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের নেতৃত্ব ও অংশগ্রহণ সিলেটি সমাজে নাগরিক অধিকার ও রাজনৈতিক সচেতনতার ভিত শক্ত করে।

বিংশ শতাব্দীর প্রথমার্ধে সিলেটি সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে কলকাতা। উচ্চশিক্ষা, সরকারি চাকরি, পেশাগত সুযোগ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য সিলেটের অসংখ্য শিক্ষার্থী, আইনজীবী, চিকিৎসক, চাকরিজীবী ও বুদ্ধিজীবী সেখানে পাড়ি জমান। কলকাতায় অবস্থানরত এই সিলেটি জনগোষ্ঠীর পারস্পরিক যোগাযোগ, আবাসন, শিক্ষাসহায়তা এবং নিজ অঞ্চলের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনমত গঠনের প্রয়োজনে গড়ে ওঠে শ্রীহট্ট সমিতি। ‘শ্রীহট্ট’ সিলেটের প্রাচীন নাম। সেই নামের মধ্যেই সংগঠনটি ধারণ করেছিল ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধন। কলকাতার বিভিন্ন ছাত্রাবাস, মেস এবং পরবর্তীতে একটি সুনির্দিষ্ট লিয়াজোঁ অফিসের মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালিত হতো। ড. সুন্দরী মোহন দাস ছিলেন এই ধারার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। গবেষক ও সাহিত্যিক যতীন্দ্রমোহন ভট্টাচার্য, শিক্ষাবিদ সৈয়দ মর্তুজা আলী এবং রম্যসাহিত্যের দিকপাল সৈয়দ মুজতবা আলীও ছাত্রজীবন ও পরবর্তী সময়ে এই সংগঠনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন।

১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে সিলেটের একটি বৃহৎ অংশ আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এর ফলে সিলেটি সমাজের প্রশাসনিক ও পেশাগত কেন্দ্র কলকাতা থেকে সরে এসে ঢাকায় স্থানান্তরিত হতে শুরু করে। কিন্তু নতুন রাজধানী ঢাকায় সিলেটিদের অবস্থান তখনও বিচ্ছিন্ন। কে কোথায় আছেন, কার কী প্রয়োজন, কে সরকারি চাকরিতে, কে আইন পেশায়, কে ব্যবসায়, এসব জানার কোনো সংগঠিত ব্যবস্থা ছিল না। কারণ এর আগে সিলেটের ঐতিহাসিক যোগাযোগ ছিল কলকাতা, শিলং ও দিল্লির সঙ্গে। ঢাকার সঙ্গে সেই সময় যোগাযোগ ছিল তুলনামূলকভাবে কম। এই বাস্তবতা থেকেই ঢাকায় সিলেটি মানুষের জন্য একটি স্থায়ী সামাজিক প্ল্যাটফর্মের প্রয়োজন তীব্র হয়ে ওঠে।

প্রথম দিকে সিলেটিদের সংগঠন গঠনের উদ্যোগকে পাকিস্তান সরকার খুব উৎসাহের চোখে দেখেনি। সিলেটিদের নিয়ে সরকারি মহলে এক ধরনের সতর্কতা কাজ করছিল। এর পেছনে কয়েকটি কারণ ছিল। প্রথমত, পাকিস্তানের প্রাথমিক মানচিত্রে সিলেট অন্তর্ভুক্ত ছিল না। দ্বিতীয়ত, সিলেটিরা গণভোটের মাধ্যমে আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার তিন দিন পর পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। অন্যদিকে সিলেটিদের মধ্যে ঐক্য, রাজনৈতিক সচেতনতা ও সামাজিক শক্তি ছিল প্রবল। ফলে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো সিলেটিদের সংগঠিত তৎপরতাকে সন্দেহের চোখে দেখে এবং তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখে।

এ আলোকে ১৯৪৮ সালে ঢাকায় সিলেটিদের প্রথম সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ করা হয় জালালাবাদ এসোসিয়েশন। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মরহুম খান বাহাদুর মোহাম্মদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ছিলেন মরহুম এম এস লস্কর। কথিত আছে, সংগঠনের নামকরণে সংগঠকরা কৌশল অবলম্বন করে ‘সিলেট’ শব্দটি এড়িয়ে যান। এতে একদিকে সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সিলেটিদের নিয়ে যে সন্দেহ ও উৎকণ্ঠা ছিল, তা প্রশমিত করার চেষ্টা করা হয়; অন্যদিকে এই নামকরণে ছিল গভীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য।

প্রতিষ্ঠার পর থেকে জালালাবাদ এসোসিয়েশন ঢাকায় বসবাসরত সিলেটিদের মিলনকেন্দ্র হিসেবে কাজ করে আসছে। রাজধানীতে কর্মরত সরকারি ও বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজের বিশিষ্টজনদের সহযোগিতায় সংগঠনটি ধীরে ধীরে শক্তিশালী ভিত্তি গড়ে তোলে। বাংলাদেশের বিচার বিভাগের অন্যতম পুরোধা বিচারপতি আমিন আহমেদ, প্রখ্যাত দার্শনিক ও জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফসহ বহু গুণীজন এই সংগঠনের পথচলায় অবদান রেখেছেন।

জালালাবাদ এসোসিয়েশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় অগ্রযাত্রার সঙ্গে সমন্বয় রেখে সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখা। সময়ের সঙ্গে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে শিক্ষা, সামাজিক সহযোগিতা, সংস্কৃতি, ত্রাণ, দুর্যোগ সহায়তা, মেধাবৃত্তি, প্রশিক্ষণ এবং প্রবাসী সিলেটিদের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে। সিলেট বিভাগের চার জেলার উন্নয়নচিন্তা এবং ঢাকায় বসবাসরত সিলেটিদের ঐক্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

প্রাতিষ্ঠানিক শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ প্রতীক হলো জালালাবাদ ভবন। রাজধানীর প্রাণকেন্দ্রে সংগঠনটির নিজস্ব ১২ তলা ভবন রয়েছে। একটি আঞ্চলিক সামাজিক সংগঠনের জন্য এমন স্থায়ী অবকাঠামো শুধু সংগঠনের সক্ষমতার পরিচয় নয়, এটি সিলেটি সমাজের ঐক্য, দূরদর্শিতা ও প্রাতিষ্ঠানিক সাফল্যেরও প্রতীক।

সময়ের সঙ্গে জালালাবাদ এসোসিয়েশনের ভাবনা ঢাকার গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক পরিসরে বিস্তৃত হয়েছে। সিলেটের বিপুল জনগোষ্ঠী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে। ফলে জালালাবাদ আজ কেবল ঢাকার সংগঠন নয়, এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিলেটি মানুষের আবেগ, পরিচয় ও সামাজিক সংযোগের একটি বৃহৎ নেটওয়ার্কে পরিণত হয়েছে। লন্ডন, নিউইয়র্ক, টরন্টোসহ বিভিন্ন শহরে জালালাবাদ নামের সংগঠন ও সম্মিলনী প্রবাসে বাংলা ভাষা, সিলেটি সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতার ঐতিহ্য ধরে রাখছে।

যুক্তরাষ্ট্রে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। এর প্রথম সভাপতি ছিলেন সিরাজ উদ্দিন আহমেদ এবং প্রথম সাধারণ সম্পাদক ছিলেন ঠিকানা পত্রিকার সম্পাদক এম এম শাহীন।

কানাডায় বসবাসরত সিলেটিদের সংগঠিত হওয়ার ইতিহাসও উল্লেখযোগ্য। পারস্পরিক যোগাযোগ, আবাসন, চাকরি, নবাগতদের ইমিগ্রেশন সহায়তা এবং সামাজিক সহযোগিতার লক্ষ্য নিয়ে ১৯৯০ সালে গ্রেটার সিলেট এসোসিয়েশন অব টরন্টো নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। টরন্টোর ল্যান্সডাউনে অনুষ্ঠিত এক সভায় এডভোকেট নজমুল হক চৌধুরীকে নবগঠিত সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। এই উদ্যোগের ধারাবাহিকতায় ১৯৯৩ সালে মোশতাক আহমেদের নেতৃত্বে নিবন্ধিত হয় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো। আজ প্রায় আট হাজার সদস্যের বিশাল পরিবার নিয়ে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত। একই সঙ্গে এটি একটি নিবন্ধিত চ্যারিটি সংগঠন হিসেবেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

চল্লিশের দশকের দিক থেকেই বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের মধ্যে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন রক্ষার প্রয়াসে ‘সিলেট কনভেনশন’ নামে সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি ও সম্মেলনের একটি ধারা গড়ে উঠেছিল। পরবর্তীতে দক্ষিণ কলকাতা সিলেট সমিতি ‘শিকড়ের সন্ধানে’ ধারণা নিয়ে কলকাতায় সিলেট ফেস্টিভ্যালের কার্যক্রম শুরু করে। জালালাবাদ এসোসিয়েশন ঢাকা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট অঞ্চলের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করতে ২০১৪ সালে প্রথম আন্তর্জাতিক সিলেট উৎসবের আয়োজন করে।
বিশ্বজুড়ে সিলেটিদের সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধনের সবচেয়ে দৃশ্যমান মঞ্চগুলোর একটি হলো বিশ্ব সিলেট সম্মেলন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ভারত ও বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে বসবাসরত সিলেটিদের অংশগ্রহণে এই সম্মেলন ক্রমে এক আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। সিলেটি ভাষা, খাদ্যসংস্কৃতি, ধামাইল, মণিপুরী নৃত্য, সংগীত, নাটক, সাহিত্য, ঐতিহ্যবাহী পোশাক, রন্ধনশৈলী এবং সিলেটের উন্নয়ন ভাবনা এখানে একত্রে উপস্থাপিত হয়। এর মূল লক্ষ্য বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিলেটিদের একত্রিত করা এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখা।

২০১৭ সালে নিউইয়র্কে দুদিনব্যাপী বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠিত হয়। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা এ সম্মেলনের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিলেটের কৃতী সন্তান স্যার ফজলে হাসান আবেদ। সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ছাড়াও বাংলাদেশ, ভারত, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া থেকে বিপুলসংখ্যক সিলেটি সপরিবারে অংশ নেন। সম্মেলনের আহ্বায়ক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ।

২০১৮ সালের ১ ও ২ সেপ্টেম্বর টরন্টোতে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্ব সিলেট সম্মেলন। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটের কৃতী সন্তানেরা এতে যোগ দেন। এই সম্মেলন কানাডায় বসবাসরত সিলেটিদের জন্য শুধু সাংস্কৃতিক মিলনমেলা ছিল না, এটি ছিল প্রবাসে সিলেটি পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার এক বড় আয়োজন। টরন্টো সম্মেলনের কনভেনর ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী।

২০১৯ সালে কলকাতায় তিন দিনের ওয়ার্ল্ড সিলেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। কলকাতা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং প্রবাসী সিলেটিদের অংশগ্রহণে এই আয়োজন সিলেটের সীমান্ত অতিক্রমী ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনকে নতুনভাবে সামনে নিয়ে আসে।

এর বাইরে প্রতি বছর ডিসেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত সিলেট উৎসবও বৃহত্তর সিলেটি ঐক্যের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। আসামের শিলচরেও নিয়মিত সিলেট উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে আসামের বিভিন্ন প্রান্ত, আশপাশের রাজ্য, ভারতের বিভিন্ন শহর এবং বাংলাদেশ থেকেও সিলেটিরা অংশ নিয়ে থাকেন।

২০২১ সালের নভেম্বর মাসে সাত দিনব্যাপী ভার্চুয়ালি বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ আন্তর্জালিক মিলনমেলায় বৃহত্তর সিলেটের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন পরিকল্পনা, সাংস্কৃতিক ভাব বিনিময়, নতুন প্রজন্মের সঙ্গে শিকড়ের সম্পর্ক এবং প্রবাসীদের সিলেটের উন্নয়ন কার্যক্রমে যুক্ত করার নানা দিক নিয়ে আলোচনা হয়। পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা সিলেটিদের এই ভার্চুয়াল সম্মেলন উত্তর আমেরিকার জনপ্রিয় টিভি চ্যানেল ‘দেশে বিদেশে’র প্ল্যাটফর্মে প্রচারিত হয়। বিশ্ব সিলেট ২০২১ সম্মেলনের কনভেনর ছিলেন ডক্টর আহমেদ মুশতাকুর রাজা চৌধুরী।

এসব আয়োজন প্রমাণ করে, সিলেটের ইতিহাস কোনো একক রাষ্ট্রসীমায় আবদ্ধ নয়। এটি বাংলা, আসাম, কলকাতা, ঢাকা, লন্ডন, নিউইয়র্ক ও টরন্টোকে ছুঁয়ে থাকা এক বিস্তৃত সাংস্কৃতিক মানচিত্র।

জালালাবাদ এসোসিয়েশনের ইতিহাস তাই শুধু একটি সংগঠনের ইতিহাস নয়। এটি ব্রিটিশ আমলের অধিকার আন্দোলন, কলকাতাকেন্দ্রিক বুদ্ধিবৃত্তিক বিকাশ, সিলেট গণভোটের রাজনৈতিক তাৎপর্য, দেশভাগ পরবর্তী ঢাকাকেন্দ্রিক সামাজিক পুনর্গঠন এবং প্রবাসে সিলেটি পরিচয়ের বিশ্বায়নের ধারাবাহিক ইতিহাস।

বি. দ্র.: এই প্রতিবেদনটি ভবিষ্যৎ প্রজন্মের গবেষণার কাজে সহায়ক হবে বলে আশা করি। তাই তথ্য যাচাই, নামের শুদ্ধতা এবং ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তারপরও কোনো তথ্যগত অসংগতি কারও চোখে পড়লে তা জানিয়ে সহযোগিতা করার বিনীত অনুরোধ রইল।


Back to top button